শুক্রবারের মধ্যে সব লাইসেন্স প্রাপ্ত অস্ত্র জমা করার নির্দেশ
বর্তমান | ২৪ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২৭ মার্চ অর্থাৎ শুক্রবারের মধ্যে লাইসেন্সপ্রাপ্ত সব আগ্নেয়াস্ত্র স্থানীয় থানায় জমা করতে হবে। নির্বাচন কমিশন রাজ্যের প্রতিটি জেলার ডিএম, এসপি সহ কলকাতার সিপিকে এই নির্দেশ দিয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে এই খবর জানা গিয়েছে। প্রতিবার ভোটের আগে লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র স্থানীয় থানায় জমা করতে নির্দেশ দিয়ে থাকে নির্বাচন কমিশন। মূলত, ভোটের সময় যাতে সন্ত্রাস বা ভোটারদের প্রভাবিত করতে এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে না পারে রাজনৈতিক দলগুলি, তারজন্য এমন পদক্ষেপ। এদিকে, নির্বাচন কমিশনের নির্দেশের পর সোমবার বিকালে কলকাতা সিপি অজয় নন্দা ডিসিদের ২৬ মার্চের মধ্যে কলকাতা পুলিশের এলাকায় সমস্ত লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র জমা করার কাজ শেষ করতে বলেছেন।