• মমতার হয়ে ভবানীপুরে ববির জনসংযোগ
    বর্তমান | ২৪ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিনি নিজে কলকাতা বন্দরের প্রার্থী। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। রবিবার ভবানীপুরে দলের কর্মিসভায় নেতা-কর্মীদের প্রচারে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো সোমবার সকালে ভবানীপুরের প্রার্থী তথা দলনেত্রীর প্রচারে নেমে পড়েন ‘অনুগত সৈনিক’ ফিরহাদ হাকিম। চেতলায় বাড়ি বাড়ি প্রচার করেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর কন্যা প্রিয়দর্শিনী হাকিম। রাখালদাস আঢ্য রোড থেকে প্রচার শুরু করেন তিনি। বিলি করেন লিফলেট। ফিরহাদ বলেন, ‘বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন। আর ভবানীপুর তাঁর ঘর। তিনি এখানে থাকেন। এখানে বড়ো হয়েছেন। এখানে পড়াশোনা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য মানুষ প্রস্তুত।’ যদিও এদিনই প্রথম নয়, ভোট ঘোষণার পর থেকেই বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ ঝালিয়ে নিচ্ছেন ফিরহাদ। তবে প্রচারের ময়দানে পিছিয়ে নেই বিজেপি এবং বাম শিবিরও। 

    এদিন সন্ধ্যায় পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে কর্মিসভা করেন কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী অতীন ঘোষ। সকালে কুমোরটুলির ঢাকেশ্বরী মন্দিরে পুজো দিয়ে ওই অঞ্চলে বাড়ি বাড়ি প্রচার চালান শ্যামপুকুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শশী পাঁজা। জনসংযোগ সেরেছেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীও। জোড়াসাঁকো কেন্দ্রের বিজেপি প্রার্থী বিজয় ওঝা এদিন ২৫ নম্বর ওয়ার্ডে প্রচার চালান। সকালে মানিকতলা বিধানসভার বিভিন্ন অঞ্চলে প্রচার সারেন তৃণমূল প্রার্থী শ্রেয়া পান্ডে। 

    শহরের উত্তর থেকে দক্ষিণ, সপ্তাহের শুরুতে প্রচার ছিল জমজমাট। সোমবার সন্ধ্যায় তপসিয়া অঞ্চলে ঈদ মিলন অনুষ্ঠানে অংশ নেন এন্টালি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্দীপন সাহা। রাসবিহারী কেন্দ্রের ৯৩ নম্বর ওয়ার্ডে বেঙ্গল ল্যাম্প ও বিক্রমগড় ঝিল সংলগ্ন রংকল বস্তিতে প্রচার সারেন তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। যাদবপুর অঞ্চলের গাঙ্গুলিবাগান, রামগড়ে বাড়ি বাড়ি ঘুরে এবং বাজারে গিয়ে জনসংযোগ করেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়। 

    এদিন সকালে ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর শহিদ দিবসে মিন্টো পার্কে তাঁদের মূর্তিতে মাল্যদান করেন বালিগঞ্জের বাম প্রার্থী আফরিন বেগম। তারপর বেলতলা অঞ্চলে জনসংযোগ সারেন। ভবানীপুরের সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস প্রেসিডেন্সি জেল কোয়ার্টারে জনসংযোগ করেন। কসবা কেন্দ্রের বাম প্রার্থী দীপু দাস এদিন সকালে ১০৭ নম্বর ওয়ার্ডের নস্করহাট, উত্তরপাড়া এলাকায় প্রচার চালান। সন্ধ্যায় কবরডাঙা এলাকায় প্রচার করেন তিনি। টালিগঞ্জের বাম প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাস বিকেলে ৯৮ নম্বর ওয়ার্ডের রাইপুর, সংহতি কলোনিতে প্রচার করেন। 
  • Link to this news (বর্তমান)