শ্রীরামপুরের বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূলের সম্পর্ক নিয়ে পোস্টার, বিপাকে পদ্ম নেতৃত্ব
বর্তমান | ২৪ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দলের অন্দরের কোন্দলকে ঘিরে বিজেপি নেতাদের মাথাব্যথা বাড়ছে। এমনিতেই প্রার্থী নিয়ে দলের অন্দরে অসন্তোষের পরিবেশ। তারমধ্যে সোমবার শ্রীরামপুর শহরে একটি পোস্টারকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এখানে পদ্মপার্টি প্রার্থী করেছে প্রবীণ নেতা ভাস্কর ভট্টাচার্যকে। তাঁর সঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে এদিন শহরজুড়ে পোস্টার পড়েছে। সেই পোস্টারে ভাস্করবাবুকে তৃণমূল কংগ্রেসের লোক বলে দাবি করা হয়েছে। যা প্রকাশ্যে আসতেই পদ্ম শিবিরে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। এমনিতেই বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব রাজনৈতিক মহলে সুপরিচিত। তার উপর ভোটের মুখে এই ঘটনা বিপাকে ফেলেছে নেতৃত্বকে।
বিষয়টিকে ভাস্করবাবু অবশ্য বিশেষ গুরুত্ব দিতে চাননি। তিনি বলেন, আমি কোনো রং না দেখে শ্রীরামপুরের সব অংশের মানুষের সঙ্গে সম্পর্ক রাখি। সকলের সঙ্গে আমার সুসম্পর্ক। কিন্তু রাজনৈতিক লড়াই ভিন্ন বিষয়। সেখানে কাউকে এক ইঞ্চি জমি ছাড়া হবে না। ভোট মরশুমে ওই রকমের কুৎসা রাজনৈতিক চর্চার অঙ্গ। তবে ঘটনার পিছনে কে আছে, তা খতিয়ে দেখা হবে। মুখে না বললেও এই ঘটনায় বিব্রত বিজেপি নেতৃত্ব। এই অবস্থাকে আরও উস্কে দিয়েছেন তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ। তিনি বলেন, বিজেপির কেউ যদি মনে করেন বাংলা ও বাঙালির স্বার্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সুরক্ষিত, তবে তা করতেই পারেন। আমরা সেইসব বিজেপি কর্মীদের সাধুবাদ জানাই। তবে এটা বলতে পারি, বাংলায় বিজেপির সংগঠন থেকে আদর্শ, জনভিত্তি কিছুই নেই। কেবল ইডি আর সিবিআই আছে।
প্রসঙ্গত, সদ্য বলাগড়ের প্রার্থী নিয়ে তীব্র অসন্তোষের জেরে জেলা পার্টি অফিস ভাঙচুর করেছিলেন পদ্মপার্টির কর্মীরা। সপ্তগ্রামের দলবদলু প্রার্থী নিয়েও পদ্মশিবিরে চাপা অসন্তোষ আছে। অভিযোগ, দ্বন্দ্বের জেরেই হুগলির পাঁচ আসনে এখনও প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিজেপি। এই অবস্থায় প্রবীণ নেতাকে নিয়ে অস্বস্তিকর পোস্টার বিজেপিকে জনমানসে কার্যত বে-আব্রু করে দিয়েছে। অন্তত এমনটাই মনে করছেন বিজেপির কট্টর সমর্থকরা। নিজস্ব চিত্র