বাসিন্দাদের অভিযোগ সামাল দিতে পুরসভায় তদ্বির তৃণমূল প্রার্থীর
বর্তমান | ২৪ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাস্তাঘাটের বেহাল দশা, নিকাশির সমস্যা এবং জায়গায় জায়গায় আবর্জনার স্তূপ— হাজারো নাগরিক সমস্যায় জর্জরিত শিবপুর বিধানসভা এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই এই নরক যন্ত্রণা থেকে মুক্তির দাবি জানিয়ে আসছেন এলাকার মানুষ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে নেমে দোরে দোরে ঘুরে সেই অভাব-অভিযোগ শুনতে হচ্ছে শিবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ রানা চট্টোপাধ্যায়কে। সোমবার মূলত রাস্তা ও নিকাশি সংক্রান্ত সমস্যার সমাধান খুঁজতে তিনি গিয়েছিলেন হাওড়া পুরসভায়। তাঁর সঙ্গে ছিলেন এলাকার প্রাক্তন পুর প্রতিনিধিরাও। পুর প্রশাসনের সঙ্গে আলোচনা করে বাসিন্দাদের নানা সমস্যার কথা তুলে ধরেন তৃণমূল প্রার্থী।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত আট বছর হাওড়া শহর কাউন্সিলারহীন। নির্বাচিত বোর্ড নেই পুরসভায়। ফলে পুর পরিষেবা দেখভালের কেউ নেই। এর মধ্যেই কোথাও ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় তৈরি হওয়া রাস্তার পিচ কয়েক মাসের মধ্যেই উঠে গিয়েছে। আবার বহু জায়গায় ফি বছর বেহাল নিকাশির কারণে সামান্য বৃষ্টিতেই জল জমে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। শিবপুর বিধানসভার অন্তর্গত হাওড়া পুরসভার প্রায় ১০টি ওয়ার্ডের অধিকাংশ এলাকাই এই সমস্যায় জর্জরিত। এর পাশাপাশি রয়েছে অস্থায়ী ভ্যাটের সমস্যা, যা ঘিরে এলাকায় অস্বস্তি বাড়ছে। এলাকায় প্রাক্তন বিধায়কের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। তাঁদের অভিযোগ, গত কয়েক বছরে বর্ষায় শিবপুরের ৪৭, ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ডে জল জমার সমস্যা চরম আকার নিলেও সেই সময় বিধায়কের দেখা মেলেনি। এমনকি, পরবর্তীকালে স্থায়ী সমাধানের কোনো পদক্ষেপও নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ফলে আগামী বর্ষাতেও একই দুর্ভোগের আশঙ্কা করছেন তাঁরা।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বালির বিদায়ী বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘যেসব এলাকায় দ্রুত রাস্তা ও নিকাশির সংস্কার প্রয়োজন, সেগুলি প্রশাসনের কাছে তুলে ধরা হয়েছে। আপৎকালীন সুবিধার জন্য কিছু পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পুরসভা।’
অন্যদিকে, শিবপুর জুড়ে বেহাল নাগরিক পরিষেবার বিষয়টিকে হাতিয়ার করে শুরু থেকেই প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। রাজনৈতিক মহলের মতে, রাস্তাঘাট ও নিকাশির দুরবস্থাই এবার নির্বাচনে শিবপুর কেন্দ্রে অন্যতম বড়ো ইস্যু হয়ে উঠতে পারে।