প্রাক্তন সাংসদ তড়িৎ তোপদারের বাড়ি গিয়ে আশীর্বাদ নিলেন বিজেপি প্রার্থী
বর্তমান | ২৪ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সিপিএমের প্রাক্তন সাংসদ তড়িৎ তোপদারের বাড়ি গিয়ে তাঁর আশীর্বাদ নিলেন বারাকপুরের বিজেপি প্রার্থী আইনজীবী কৌস্তুব বাগচি। তড়িৎবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। তড়িৎবাবু তাঁকে সুস্থ থাকা, দলের অভ্যন্তরে উচ্চ পদে যাওয়া, বড় আইনজীবী হওয়ার আশীর্বাদ দিলেন। কিন্তু ভোটে জেতার আশীর্বাদ দিলেন না। ৮৫ বছরের অশক্ত তড়িৎবাবু সাংবাদিকদের বলেন, আমি ওঁদের কয়েক পুরুষ ধরে চিনি। নারায়ণ চৌবে ওঁদের আত্মীয়। ওঁদের বাড়ির পুজোতেও আমি যাই। তবে ও যে রাজনৈতিক দল করে, তার সঙ্গে আমার মতাদর্শগত পার্থক্য রয়েছে। তাই আমি ভোটে জেতার আশীর্বাদ দিতে পারি না। তাছাড়া এখানে আমাদের প্রার্থী রয়েছেন, তিনিই জিতবেন।
আর কৌস্তুভ বাগচি বলেন, তড়িৎজেঠু যবে থেকে এমপি ছিলেন, তবে থেকেই আমার সঙ্গে সম্পর্ক। আমাদের বাড়িতে উনি যান। আমার বাপ ঠাকুরদার সঙ্গেও সম্পর্ক ছিল। ওঁর কাছ থেকে আশীর্বাদ নিলাম। বারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতিতে এই মুহূর্তের সব থেকে বর্ষীয়ান রাজনীতিবিদ তিনি। এছাড়াও এদিন টিটাগড়ে প্রচারের সময় তৃণমূল পার্টি অফিসে ঢুকে পড়েন কৌস্তুভ। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আলাপ, পরিচয়ও করেন। এমনকী সিপিএম প্রার্থী সুমন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাস্তায় দেখা হতেই তাঁকে জড়িয়ে ধরেন।
তবে সিপিএম নেতার বাড়িতে বিজেপি প্রার্থীর এই যাওয়াকে কটাক্ষ করেছেন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। তিনি বলেন, এবার তো বিজেপি প্রার্থীর জামানত জব্দ হবে। যাতে সিপিএমের কিছু ভোট তিনি পান, তার জন্য গিয়েছিলেন। কিন্তু এসব করে কিছু লাভ হবে না। বারাকপুরের মানুষ তাদের প্রতিনিধি ঠিক করে নিয়েছেন। কাজের বিচারে, উন্নয়নের নিরিখে এবার ভোট হবে। জমানত জব্দ হবে কৌস্তুভ বাগচির।-নিজস্ব চিত্র