• রেলের প্ল্যাটফর্ম থেকে পিতা-পুত্রের যুগলবন্দি, শিল্পাঞ্চল ও কৃষিবলয়ে বর্ণময় জনসংযোগ
    বর্তমান | ২৪ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ইতিমধ্যেই প্রচারের পালে তুফান উঠেছে। বৃষ্টি বিঘ্নিত দিন থেকে চড়া রোদ, প্রচারে বিরাম নেই হুগলিতে। সোমবার নানা আঙ্গিকে প্রচার করলেন হুগলির তৃণমূল, বাম, বিজেপি প্রার্থীরা। কর্মিসভা থেকে বাড়ি বাড়ি প্রচার, কখনও রেল স্টেশনে প্রচার, আবার দু’টি কর্মী বৈঠকের মাঝে এক ফাঁকে মহল্লায় গিয়ে প্রচার। পাণ্ডুয়া থেকে চুঁচুড়া, চণ্ডীতলা থেকে উত্তরপাড়া, জাঙ্গিপাড়া থেকে শ্রীরামপুর, প্রচারে খামতি রাখেনি কোনো দলই। তবে সোমবারও বিজেপি পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি। কংগ্রেস তো এখনও একজন প্রার্থীর নামও ঘোষণা করতে পারেনি। যে কারণে ভোট ঘোষণার আটদিন পরেও সব কেন্দ্রে প্রচারে নামতে পারেনি রাজনৈতিক দলের কর্মীরা।

    উত্তরপাড়ার প্রচারপর্ব গত কয়েকদিন ধরেই এলাকাবাসীর নজর কেড়েছে। যদিও এই আসনে বিজেপি এবং কংগ্রেস এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি। তবে ‘দ্বি-মেরু’ অর্থাৎ বাম ও তৃণমূলের প্রচার সকলের চর্চায় উঠে এসেছে। এই আসনে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে তৃণমূল প্রার্থী শীর্ষণ্য দাপিয়ে প্রচার করছেন। ছেলের হয়ে ময়দানে প্রবলভাবে নেমেছেন কল্যাণও। পিতা-পুত্রের যুগলবন্দিকে ঘিরে সরগরম হয়ে উঠেছে উত্তরপাড়ার ভোট ময়দান। কর্মিমহলেও দেখা যাচ্ছে উৎসাহের হাওয়া। হেভিওয়েট নেতার প্রচারের আলো কেড়ে নিতে সিপিএমের রাজ্যনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় মরিয়া প্রয়াস চালাচ্ছেন। সোমবারই দু’পক্ষের প্রচার নিয়ে উত্তরপাড়ায় জোর চর্চা শোনা গিয়েছে। চমকদার প্রচার করেছেন বলাগড়ের সিপিএম প্রার্থী বিকাশ গোলদার। এদিন তাঁকে জিরাট স্টেশনে নিত্যযাত্রীদের সঙ্গে আলাপ ও প্রচার সারতে দেখা গিয়েছে। দিনের অনেকটা সময় স্টেশনেই প্রচার করেছেন বিকাশ। চণ্ডীতলা থেকে সপ্তগ্রাম বামেদের প্রচারে উৎসাহ দেখা গিয়েছে। সপ্তগ্রামে বাড়ি বাড়ি এবং শ্রমিক মহল্লায় প্রচার সেরেছেন আরেক তরুণ বামপ্রার্থী অনির্বাণ সরকার।

    শ্রীরামপুরে এদিন প্রচার করেছেন সেখানকার বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য। বিজেপির প্রচারে এখনও পর্যন্ত নজর কেড়েছেন সপ্তগ্রামের স্বরাজ ঘোষ। এদিন সকাল থেকে কর্মিসভা, জনসভা, বাড়ি বাড়ি প্রচার, চরকির মতো ঘুরেছেন সাবেক তৃণমূল নেতা স্বরাজ। বলাগড়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছেন বিজেপির আরেক প্রার্থী সুমনা সরকার।

    এদিকে, নীরবে প্রতিদিনই প্রচারে একের পর এক জনপদ ছুঁয়ে যাচ্ছেন তৃণমূলের বলাগড়ের প্রার্থী রঞ্জন ধাড়া। জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া এমনিতেই ‘মাটির মানুষ’। তাঁর প্রচারে হাঁকডাক কম থাকলেও নিবিড় জনসংযোগের ছাপ স্পষ্ট। এদিন দাপিয়ে প্রচার করেছেন তৃণমূলের দুই নবীন প্রার্থী চুঁচুড়ার দেবাংশু ভট্টাচার্য ও শ্রীরামপুরের অধ্যাপক প্রার্থী তন্ময় ঘোষ। তন্ময়বাবু এদিন শ্রীরামপুর আদালতের আইনজীবীদের সঙ্গে জনসংযোগ সারেন। অন্যদিকে, চুঁচুড়ায় বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ করেন দেবাংশু।
  • Link to this news (বর্তমান)