• আজ অভিষেকের জনসভাকে ঘিরে পাথরপ্রতিমায় উন্মাদনা
    বর্তমান | ২৪ মার্চ ২০২৬
  • সংবাদদাতা, কাকদ্বীপ: প্রস্তুতি প্রায় শেষ। আজ, মঙ্গলবার পাথরপ্রতিমার কলেজ মাঠে রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। এই সভাকে ঘিরে পাথরপ্রতিমা বিধানসভা এলাকাজুড়ে তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈর হয়েছে। প্রতিটি বুথ এলাকাতেই সাজ সাজ রব। এই জনসভাকে সফল করতে ছোটো ছোটো কর্মিসভার মধ্যে দিয়ে প্রস্তুতি নিয়েছে তৃণমূল। দু’দিন আগে বৃষ্টির কারণে এই জনসভা অনিশ্চিত হয়ে পড়েছিল। বিশেষত শনিবার রাতে টানা বৃষ্টির জেরে কলেজ মাঠ প্রায় জলমগ্ন হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে কীভাবে সভা হবে, তা নিয়ে চিন্তায় পড়েছিলেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। তবে রবিবার সকাল থেকে রোদ উঠতেই কর্মী-সমর্থকদের মনোবল বেড়ে যায়। এদিন সকাল থেকেই মঞ্চ তৈরির প্রস্তুতি শুরু হয়। পাম্প চালিয়ে মাঠ থেকে জল বের করা হয়েছে। মঞ্চের উত্তর-পশ্চিম কোণে হেলিপ্যাড তৈরি করা হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, তিনি হেলিকপ্টারে করেই আসবেন পাথরপ্রতিমায়। সমাবেশস্থলের নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, দূর-দূরান্ত থেকে কর্মীদের নিয়ে আসার জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও নদীপথে আসার জন্য ভুটভুটি ও লঞ্চের ব্যবস্থা রাখা হয়েছে। পাথরপ্রতিমার তৃণমূল প্রার্থী সমীরকুমার জানা বলেন, ‘নির্বাচনের দিন ঘোষণার পর পাথরপ্রতিমায় এটাই প্রথম বড়ো জনসভা হতে চলেছে। একে কেন্দ্র করে তৃণমূলের কর্মী ও সমর্থকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে।’ দলীয় সূত্রে জানা গিয়েছে, অভিষেক তাঁর ভাষণে পাথরপ্রতিমাবাসীর কাছে উন্নয়নের বার্তা তুলে ধরবেন। পাশাপাশি আগামী দিনের পরিকল্পনাও ব্যক্ত করবেন বলে মনে করা হচ্ছে। সেই বার্তা দলের পক্ষ থেকে বুথের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এই জনসভাকে কেন্দ্র করে প্রায় ৪০ হাজার জমায়েতের টার্গেট নিয়েছে শাসকদল। এদিকে, বিজেপি নেতার অশ্লীল মন্তব্য নিয়ে সরব হয়েছেন অভিষেক। সামাজিক মাধ্যমে এক বিজেপি নেতার একটি বিতর্কিত মন্তব্যের ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। যেখানে অভিষেক লিখেছেন, ‘ডবল ইঞ্জিনের রাজ্য উত্তরপ্রদেশের বিজেপি নেতার মুখের ভাষা প্রমাণ করে দিচ্ছে ওরা নারী বিরোধী। আর এরা বাংলায় পরিবর্তনের আওয়াজ তুলেছে। ওদের অশ্লীল মন্তব্য বাংলার মানুষ ভোটের বাক্সে জবাব দেবে।’  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)