নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একধাক্কায় বেড়ে গেল কলকাতার অটো ভাড়া। দক্ষিণ থেকে উত্তর অধিকাংশ রুটের ভাড়া বেড়েছে। গ্যাসের দাম বৃদ্ধির কারণে ভাড়া বাড়বে এই ইঙ্গিত আগেই দিয়েছিল অটো ইউনিয়নগুলি। বাস্তবে তাই করা হল। ভাড়া বৃদ্ধির পর অধিকাংশ যাত্রী প্রশ্ন তুলেছেন, ‘গ্যাসের দাম কমলে ভাড়া কমবে তো।’
উল্টোডাঙা থেকে সল্টলেক সেক্টর ফাইভ, করুণাময়ী বা বিকাশভবন যাওয়ার অটো পাওয়া যায়। সোমবার সকালে উল্টোডাঙায় এসে যাত্রীরা প্রথমেই ধাক্কা খান। স্ট্যান্ডে পোস্টার টাঙিয়ে জানানো, ‘সব রুটেই ভাড়া পাঁচ টাকা করে বাড়ানো হয়েছে।’ চালকরা জানান, অটোর এলপিজি’র দাম বেড়েছে। পর্যাপ্ত মিলছেও না। ভাড়া বাড়ানো ছাড়া উপায় নেই। এরপর যাত্রীরা প্রশ্ন তোলেন, ‘গ্যাসের দাম কমলে ভাড়া কমানো হবে তো।’
সোমবার থেকে উল্টোডাঙা, গিরিশ পার্ক, কাঁকুড়গাছি, সল্টলেক করুণাময়ী, সেক্টর ফাইভ, বেহালা, তারাতলা সহ শহরের একাধিক রুটে বেড়েছে ভাড়া। উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ ৩৫ থেকে বেড়ে হয়েছে ৪০ টাকা। উল্টোডাঙা থেকে বিকাশ ভবন এবং করুণাময়ী ২০ থেকে বেড়ে ২৫। কাঁকুড়গাছি থেকে করুণাময়ী ৩ টাকা বেড়েছে। ভাড়া বৃদ্ধি হয়েছে দক্ষিণ কলকাতাতেও। বেহালা ও তারাতলা থেকে রাসবিহারী এবং তারাতলা-গড়িয়াহাট ইত্যাদি রুটে পাঁচ টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে। এছাড়া বেহালা চৌরাস্তা-সরশুনা রুটের ভাড়া ছিল ১৮ টাকা। বেড়ে হয়েছে ২৫ টাকা। রাতে ভাড়া আরও এক টাকা করে বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এছাড়াও বিভিন্ন জায়গায় ইউনিয়ন নির্ধারিত ভাড়ার থেকে বেশি নিচ্ছেন চালকরা বলেও অভিযোগ উঠছে। উল্টোডাঙা-এয়ারপোর্ট এবং বাগুইআটি রুট এখনও ভাড়া বাড়ায়নি বলে জানিয়েছে। ওই রুটের নেতা বিপ্লব বলেন, ‘এখনও ভাড়া বাড়াইনি। তবে না বাড়িয়ে উপায় নেই। আমরা আলোচনা চালাচ্ছি, যাত্রীদের উপর চাপ না দিয়ে বিকল্প পথ খুঁজে বের করার।’
সোমবার গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে উত্তর কলকাতা জেলা আইএনটিটিইউসি মিছিল করে মৌলালি থেকে ধর্মতলা মেট্রো চ্যানেল পর্যন্ত। মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের কলকাতা জেলার সভাপতি স্বপন সমাদ্দার। এদিন সকাল ছ’টায় কাঁকুড়গাছির এক পেট্রল পাম্পে গ্যাস নিতে লাইন দেন অটোচালক সোমনাথ দাস। তিনঘণ্টা দাঁড়ানোর পর গ্যাস পান। এই দুর্ভোগের ছবি কলকাতার দু-একটি পাম্পের নয়। এ ছবি দেখা গিয়েছে শহরের সর্বত্র। চালকরা ভোরবেলা কিংবা গভীর রাতে পাম্পে গিয়ে লাইন দিচ্ছেন। উল্টোডাঙার একাধিক রুটের নেতা বাবলা দাস বলেন, ‘আগে দিনে ১০ ঘণ্টা গাড়ি চালানো যেত। এখন সাত ঘণ্টার বেশি চালানো যাচ্ছে না। জ্বালানির দাম প্রায় ১৭ টাকা বেড়েছে।’
উল্টোডাঙা থেকে বিকাশভবনে নিয়মিত যাতায়াত করেন দমদমের বাসিন্দা সৌমালি ঘোষাল। তিনি বলেন, ‘এমনিতেই অটো পাচ্ছি না। আরও কমে গেলে অসুবিধা বাড়বে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ওঁরা ভাড়া কমাবেন তো?’ বেহালায় বাসের সংখ্যা কম বলে মেট্রো স্টেশন পৌঁছতে অন্যতম ভরসা অটো। সুব্রত সাহা নামে সেখানকার এক যাত্রী বলেন, ‘জ্বালানির দাম কমলে ভাড়া কমাবে তো। যাত্রীরা অটোর জ্বালানির দামের খোঁজ রাখে না, সেই সুযোগই নেয় ইউনিয়নগুলি।’