• কনভয়ে হামলা প্রার্থীকে নিয়ে রাস্তা অবরোধ শওকতের
    এই সময় | ২৪ মার্চ ২০২৬
  • এই সময়, ভাঙড়: শওকত মোল্লার (Soukat Molla) কনভয়ের উপর হামলার অভিযোগ ও তৃণমূল কর্মীদের মারধরের প্রতিবাদে সোমবার সন্ধ্যায় ভাঙড়ের (Bhangar) একাধিক এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল তৃণমূল। বোদরা, হাতিশালা সিক্স লেন, কাঁটাতলা, পাগলাহাট-সহ বিভিন্ন জায়গায় অবরোধের জেরে যান চলাচলে ব্যাঘাত ঘটে।

    পুলিশ সূত্রে খবর, ঘটকপুকুর ব্রিজের কাছে শওকতের কনভয়ের উপরে হামলার অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে। যদিও নিরাপত্তারক্ষীরা তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। অন্যদিকে, নলমুড়িতে তাঁর কনভয় লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয় বলেও অভিযোগ। চন্দনেশ্বরেও আইএসএফের বাইক র‍্যালির সময়ে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে।

    এই ঘটনাগুলির প্রতিবাদে শওকত মোল্লার নেতৃত্বে বোদরা বাসস্ট্যান্ডে ঘটকপুকুর-সোনারপুর রোড এবং কাঁটাতলা ও পাগলাহাটে বাসন্তী হাইওয়ে অবরোধ করা হয়। যদিও পুলিশ জানিয়েছে, এ বিষয়ে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি, ঘটনার তদন্ত চলছে। এতক্ষণ রাস্তা বন্ধ থাকায় ব্যাপক যানজট তৈরি হয় এলাকায়।

    সন্ধ্যায় ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামকে সঙ্গে নিয়ে বোদরা বাজারে প্রায় ঘণ্টা খানেক রাস্তা অবরোধ করেন শওকত মোল্লা। পরে তিনি বলেন, ‘ঘটকপুকুরে আমার গাড়ির উপরে হামলা হয়েছে, আমাকে কটূক্তি করা হয়েছে। এরই প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করলাম।’ অভিযোগ অস্বীকার করে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, ‘পুরোটাই রাজনৈতিক নাটক।’ রাতেই কয়েক হাজার বাইক নিয়ে ক্যানিং পূর্বে বিরাট মিছিল করেন আরাবুল। তৃণমূলের দাবি, এত লোক নিয়ে বাইক মিছিলের জন্য পুলিশের অনুমতি নেয়নি আইএসএফ। অভিযোগের তদন্ত শুরু করেছে চন্দনেশ্বর থানা।

  • Link to this news (এই সময়)