• নব ভারতের দিশার সঙ্গেই বাঙালি মনীষীরা গুরুত্ব পেলেন রবির ভাষণে
    এই সময় | ২৪ মার্চ ২০২৬
  • এই সময়: ছ’বছর বাদে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) ক্যাম্পাসে সমাবর্তন ফিরলো। রাজ্যপাল তথা আচার্য আরএন রবির (RN RAVI) ভাষণে সোমবার বারবার বাঙালি মনীষীদের কথা উঠে এসেছে। পাশাপাশি আচার্যের ভাষণে নতুন ভারতের প্রসঙ্গও উঠে আসে।

    রবির দাবি, ‘২০৪৭ সালের মধ্যে ভারত আবার বিশ্বসভায় শ্রেষ্ঠ আসন পাবে। বিজ্ঞান, গবেষণা এবং মেধার নিরিখে উচ্চ স্থানেই থাকবে ভারত।’ এদিন তাঁর ভাষণের অনেকটা জুড়ে ছিল বাঙালি ৃমনীষীদের কথাও। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও তাঁর ‘বন্দেমাতরম’ দিয়ে শুরু করে রাজ্যপালের ভাষণে ছিল রবীন্দ্রনাথের কাব্য প্রতিভা, বিবেকানন্দের শিকাগো ভাষণ এবং ঋষি অরবিন্দের কথাও। রাজ্যপালের এ দিনের ভাষণে ২০৪৭-এর নব ভারতের দিশা ও স্বপ্ন দেখানোর সঙ্গেই কৃত্রিম মেধা, যোগ এবং যোগ্য সঙ্গীর প্রসঙ্গও টানেন! নতুন প্রজন্মের পড়ুয়াদের উদ্দেশে তিনি বলেন, ‘২০৪৭-এ একটা প্রশ্ন উঠবে, আর সেই প্রশ্নের উত্তরও থাকবে নতুন প্রজন্মের কাছে। প্রশ্ন হবে, নতুন গৌরবোজ্জ্বল ভারতের জন্য আমি কী করেছি?’ কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স ও মেশিন লার্নিংয়ের অগ্রগতি ছুঁয়েও রাজ্যপাল উল্লেখ করেন, যোগাভ্যাসের প্রয়োজনীয়তার কথা। এমনকি পরবর্তী প্রজন্মের জন্য একজন যোগ্য জীবনসঙ্গী খুঁজে নেওয়ার পরামর্শও দেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের।

    বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের শতবার্ষিকী ভবনে সমাবর্তন অনুষ্ঠানে এদিন বক্তাদের কথায় বারবার উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) প্রসঙ্গ। দীক্ষান্ত ভাষণে আইআইটি খড়্গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের সামনে নতুন সম্ভাবনায় এক নবজাগরণের ইঙ্গিত দিচ্ছে। এই বাংলা একদিন বিশ্বকে স্বাধীন চিন্তার পথ দেখিয়েছিল। আজ আবার সময় এসেছে, সেই চিন্তনে নতুন আলোক স্ফূরণের। যেখানে প্রশ্ন হবে সাহসী, জ্ঞানে ফুটুক মানবতার আলো।’ নবনিযুক্ত রাজ্যপাল–আচার্য আরএন রবির হাত থেকে এদিন শংসাপত্র পান প্রায় ১১০০ পিএচডি ডিগ্রি প্রাপক।

    এ বছর ডিএসসি দেওয়া হয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য বিজ্ঞানী বিজয় পাণ্ডুরঙ্গ ভক্তকরকে। ডিলিট দেওয়া হয় কবি রণজিৎ দাস এবং শিক্ষাবিদ ফাদার থমাসকে। এ ছা়ডা ভুবনমোহিনী দাসী পুরস্কার, জগত্তারিণী পুরস্কারের পাশাপাশি তুলে দেওয়া হয় আচার্য প্রফুল্লচন্দ্র রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, স্যর আশুতোষ মুখোপাধ্যায়, সরোজিনী বসু, স্যার দেবপ্রসাদ সর্বাধিকারী প্রমুখের নামাঙ্কিত পুরস্কারও প্রদান করা হয়।

  • Link to this news (এই সময়)