• জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে ভাড়া বাড়ল অটোর, পকেটে টান যাত্রীদের
    এই সময় | ২৪ মার্চ ২০২৬
  • এই সময়: রান্নার গ্যাসের (LPG CRISIS) পর লাগাতার অটোর জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে কার্যত জেরবার তিনচাকা গাড়ির চালকরা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে অটোর গ্যাসের দাম (Auto Gas) লিটার প্রতি প্রায় ১৩ টাকা বেড়ে যাওয়ায় সোমবার থেকে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রুটে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত ভাড়া বাড়িয়ে দিয়েছে অটোর চালকরা। এর জেরে সপ্তাহের শুরুতেই ধাক্কা শহরবাসীর পকেটে। এভাবে বারবার ভাড়া বেড়ে যাওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে নিত্যযাত্রীদের মধ্যে।

    গত বুধবার পর্যন্ত অটোর গ্যাসের দাম ছিল লিটার প্রতি ৬২ টাকা ৬৮ পয়সা। শুক্রবার থেকে তা বেড়ে দাঁড়িয়েছে ৭০ টাকা ৬৮ পয়সা। এর ঠিক আগের সপ্তাহেই এক দফায় ৫ টাকা দাম বেড়েছিল। অর্থাৎ, অল্প সময়ের ব্যবধানে জ্বালানির খরচ বাড়ল ১৩ টাকা। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে উল্টোডাঙা-সল্টলেক সেক্টর ফাইভ রুটে। সোমবার থেকে এই রুটে যাত্রীদের পকেট থেকে অতিরিক্ত ৫ টাকা খসছে। উল্টোডাঙা স্টেশন সংলগ্ন অটো স্ট্যান্ডে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ যেতে এখন গুণতে হবে ৪০ টাকা। ১২ নম্বর ট্যাঙ্ক বা সুশ্রুত হাসপাতাল পর্যন্ত ভাড়া বেড়ে হয়েছে ৩০ টাকা, যা আগে ছিল ২৫ টাকা। তবে বিজ্ঞপ্তিতে একটি আশার আলোও দেখিয়েছে ইউনিয়ন। সেখানে বলা হয়েছে, ভবিষ্যতে গ্যাসের দাম কমলে বা জোগান স্বাভাবিক হলে পুনরায় ভাড়া কমানোর বিষয়টি বিবেচনা করা হবে।

    উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই চিত্রটা প্রায় এক। ফুলবাগান থেকে গিরিশপার্ক বা মানিকতলা রুটে ভাড়া বেড়েছে ২-৩ টাকা। সিঁথির মোড় থেকে দমদম স্টেশন পর্যন্ত অটো রুটের ভাড়াও ১০ থেকে বেড়ে হয়ে গিয়েছে ১৫ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। আবার, দক্ষিণ কলকাতার গোলপার্ক-গড়িয়া, টালিগঞ্জ-যাদবপুর, রানীকুঠি-বাঘাযতীন বা পার্ক সার্কাস-ধর্মতলা, জোকা–তারাতলা, টালিগঞ্জ ফাঁড়ি–ঠাকুরপুকুর রুটে ইউনিয়নগুলি আনুষ্ঠানিকভাবে ভাড়া না বাড়ালেও, বহু চালক ৫-১০ টাকা বাড়তি ভাড়া দাবি করছেন বলে অভিযোগ। সেক্টর ফাইভের একটি আইটি সংস্থার কর্মী তনয়া চৌধুরী আক্ষেপের সুরে বলেন, ‘হঠাৎ করে যাতায়াত খরচ একধাক্কায় এতটা বেড়ে যাওয়ায় মাসের বাজেটে টান পড়বে। সরকারি হস্তক্ষেপ প্রয়োজন।’

    অটো ইউনিয়নগুলির দাবি, লোকসান সামাল দিতেই এই সিদ্ধান্ত। সল্টলেকের তৃণমূল পরিচালিত অটো ইউনিয়ন নেতা দিলীপ ঘোষের কথায়, ‘আন্তর্জাতিক বাজারে গ্যাসের জোগান কম থাকায় দাম অস্বাভাবিক বেড়েছে। পুরনো ভাড়ায় গাড়ি চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সেকারণেই চালকরা বাড়তি ভাড়া িনচ্ছেন।’ গোলপার্ক–গড়িয়া রুটের অটো নেতা দেবরাজ ঘোষ বলেন,‘ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত ইউনিয়নের পক্ষ থেকে নেওয়া হয়নি। তবে, অনেক রুটেই অতিরিক্ত ভাড়া কিছু চালক নিচ্ছেন।’

    পরিবহণ দপ্তর অবশ্য এই পুরো বিষয়টিতে কিছুটা অসহায়। দপ্তরের এক কর্তার কথায়, ‘অটো ভাড়া নিয়ন্ত্রণে নির্দিষ্ট কোনো সরকারি আইনি পরিকাঠামো নেই। ফলে ইউনিয়নগুলি নিজেদের মতো ভাড়া ঠিক করে। তবে আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি।’ আপাতত জ্বালানির জ্বালায় সাধারণ মানুষের ভোগান্তি কমার কোনো লক্ষণ দেখছে না পরিবহণ বিশেষজ্ঞরা।

  • Link to this news (এই সময়)