ভোটের আগে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি। এক যুবককে গলা কেটে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে রায়দিঘির দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের ২১৬ নম্বর বুথের মেনা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম কিশোর মাঝি। মেনা এলাকারই বাসিন্দা তিনি।
এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ওই যুবক এলাকার BJP কর্মী হিসেবে পরিচিত। বিজেপির স্থানীয় নেতারাও তেমনই দাবি করেছে। BJP-র দাবি, কিশোর ওই এলাকার সক্রিয় কর্মী ছিলেন। বিজেপির অভিযোগ, রাজনৈতিক বিবাদের জেরেই তাঁকে খুন করেছে তৃণমূলের কর্মীরা।
অন্য দিকে, BJP-র এই দাবি সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করে তৃণমূল দাবি করেছে, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকার জন্য তৃণমূলের উপরে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে।
ঘটনায় উঠে আসছে এক অন্য তথ্যও। কিশোরকে খুনে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাঁর স্ত্রী এবং স্ত্রীয়ের প্রেমিক-সহ মোট তিন জনকে আটক করেছে। পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, সম্পর্কের টানাপড়েনের জেরেই খুন করা হয়েছে কিশোরকে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ঘটনার পরে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান রায়দিঘির BJP প্রার্থী পলাশ রানা। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান।