উত্তরপ্রদেশে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ছাত্রীর অস্বভাবিক মৃ্ত্যু, তদন্তে পুলিশ
বর্তমান | ২৪ মার্চ ২০২৬
লখনউ, ২৪ মার্চ: উত্তরপ্রদেশের মিরাটের মোদিপুরম এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে উদ্ধার হল এক ছাত্রীর মৃতদেহ। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ে। সোমবার এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম প্রিয়া (২০)। তিনি বিহারের ছাপড়া জেলার বাসিন্দা এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের বিসিএ বিভাগের ছাত্রী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলেই থাকতেন।
আরও জানাযায়, ঘটনাটি প্রথম জানতে পারেন তাঁর ভাই বিশাল, যিনি একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি দ্রুত বোনকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা সোমবার তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পল্লবপুরম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাত্রীটি হোস্টেলের যেই ঘরে থাকতেন তা পরিদর্শন করের। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পল্লবপুরম থানার স্টেশন হাউস অফিসার মহেশ কুমার জানান, 'হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে করা হলেও, প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে'। এই রহস্যমৃত্যুর কারণ কী তা জানতে পুলিশ তদন্ত করছে।