• রায়দিঘিতে বিজেপি নেতার দেহ উদ্ধার, ভোটের বাজারে তুঙ্গে রাজনৈতিক তরজা
    বর্তমান | ২৪ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারুইপুর: রায়দিঘি বিধানসভার দিঘিরপাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েতে উদ্ধার বিজেপির সহ-সভাপতির ক্ষতবিক্ষত দেহ।  সোমবার গভীররাতে বাড়ি থেকে ৩০ মিটার দূরে পুকুরের পাড় থেকে উদ্ধার করা হয় কিশোর মাঝির (৩৯) দেহ। অস্বাভাবিক এই মৃ্ত্যুকে ঘিরে যথারীতি শোরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে। প্রথমে স্থানীয়রা দেহটিকে দেখতে পায় এবং রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

    পরে খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। জানা গিয়েছে,২১৬ নম্বর বুথের বিজেপির সহ-সভাপতি ছিলেন কিশোর। ভোট ঘোষণার পর থেকে তার উপর হুমকি আসছিল বলে অভিযোগ। বিজেপির অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ঘটনার খবর পাওয়ার পর সকালেই নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌছায় রায়দিঘি বিধানসভার বিজেপি প্রার্থী পলাশ রানা। তাঁর বক্তব্য, তৃণমূল পরিকল্পনা করে খুন করেছে। আবার ঘটনা সূত্রে জানা যায় কিশোরের স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে, নিহতের স্ত্রী সহ তাঁর প্রেমিককে গ্রেপ্তর করেছে রায়দিঘি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন। স্ত্রী ও তাঁর প্রেমিক মিলে খুন করেছে। স্ত্রী অনিমা দাস ও প্রেমিক গোবিন্দ হালদার ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। এই প্রসঙ্গে মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার বলেন, 'তৃণমূল খুনের রাজনীতি করে না। ত্রিকোণ প্রেমের জেরে খুন। বিজেপি মিথ্যা অভিযোগ তুলে উত্তেজনা ছড়াচ্ছে'। তবে এই রহস্য মৃত্যুর নেপথ্যে কী কারণ তা খতিয়ে দেখছে পুলিশ। 
  • Link to this news (বর্তমান)