• নরেন কাঁটায় বিদ্ধ সেলিম! সিপিএম-আইএসএফ রফায় ক্ষুব্ধ ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিচ্ছে মধ্যমগ্রামে
    প্রতিদিন | ২৪ মার্চ ২০২৬
  • ভোট যত এগিয়ে আসছে সিপিএমের সঙ্গে ফরওয়ার্ড ব্লকের আসন নিয়ে দ্বন্দ্ব যেন ততই বাড়ছে। মধ্যমগ্রাম আসন আইএসএফকে ছাড়তেই এবার ফুঁসে উঠলেন অল ইন্ডিয়া ফরওর্য়াড ব্লকের সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে, তিনি স্পষ্টভাষায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে জানিয়েছেন, তাঁদের জন্য বরাদ্দ আসন নিয়ে টানাহেঁচড়া করলে তা বরদাস্ত করা হবে না। এই পরিস্থিতিতে বাম-আইএসএফ জোট ‘ভুলে’ মধ্যমগ্রামে প্রার্থী দিতে চলেছে ফরওয়ার্ড ব্লক।

    ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তিনদফায় মোট ২৪০ টি আসনের প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। শরিক দল ফরওয়ার্ড ব্লককে সঙ্গে নিয়ে এই আসনগুলিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ফরওয়ার্ড ব্লকের প্রার্থী দেওয়া হয়েছে মোট ২৪ টি আসনে। কিন্তু তা সত্ত্বেও একাধিক অভিযোগ রয়েছে অল ইন্ডিয়া ফরওর্য়াড ব্লকের সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের। ফরওয়ার্ড ব্লক প্রথম থেকেই জানিয়েছিল, আইএসএফ জোটে সমস্যা না থাকলেও তাঁদের বরাদ্দ আসনগুলো যেন দেওয়া না হয়। সেই আসনের মধ্যেই ছিল দেগঙ্গা ও মধ্যমগ্রাম। সোমবার আইএসএফের প্রতিষ্ঠাতা-সদস্য নওশাদ সিদ্দিকি প্রার্থী তালিকা প্রকাশ করলে দেখা যায়, এই দুটি আসনেই প্রার্থী দিয়েছে তাঁরা। এতেই বেজায় চটেছেন নরেন। শোনা যাচ্ছে, বঙ্গ সিপিএমের নেতাদের সঙ্গে রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। 

    সূত্রের খবর, ফরওয়ার্ড ব্লকের দাবিকে গুরুত্ব না দিয়ে দেগঙ্গা ও মধ্যমগ্রাম ছাড়া হয়েছে আইএসএফকে। মধ্যমগ্রাম আসনে নওশাদের দলের প্রার্থী প্রিয়াঙ্কা  বর্মন। যা মানতে রাজি নয় ফরওয়ার্ড ব্লক। তাই এবার মধ্যমগ্রামে আলাদা করে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। উল্লেখ্য, ২০১১ সালের পর থেকে আসন কমতে কমতে শূন্যে পৌঁছেছে বাম। সেই শূন্যের গেরো কাটাতে জোট-তরুণ মুখ সামনে আনা-সহ একাধিক পদক্ষেপ করছে লালপার্টি। এর মাঝে শরিকদের মধ্যে চিড়, ভোটের ময়দানে আরও ব্যকফুটে ঢেলে দেবে লালপার্টিকে। 
  • Link to this news (প্রতিদিন)