সোমবার রাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commisssion of India)। দু’টি তালিকা প্রকাশ হয়েছে। একটি অ্যাজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট (নম্বর ১), দ্বিতীয়টি অ্যাজুডিকেশন ডিলিটেড লিস্ট (নম্বর ১)। যাঁদের নাম বাদ গেল, এ বার কী করবেন তাঁরা? জেনে নিন এই প্রতিবেদনে।
চূড়ান্ত ভোটার তালিকায় ৬০ লক্ষের বেশি নাম বিচারাধীন ছিল। কমিশন সূত্রে খবর, এখনও অবধি ২৯ লক্ষের নামের তালিকাই প্রকাশ করা হয়েছে। তবে কমিশন এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে নির্দিষ্ট কোনও সংখ্যা জানায়নি।
সাপ্লিমেন্টারি তালিকা দেখা যাচ্ছে ECINET অ্যাপে, eci.gov.in ওয়েবসাইটে। সেখানে গিয়ে ‘SIR-2026 Download Electoral Roll’ ক্লিক করে ‘Select State’। Roll Type-এ গিয়ে ‘Adjudication Supplementary List No. 1’ সিলেক্ট করে নাম দেখতে পারবেন। সেখানে নাম খুঁজে না পেলে ‘Adjudication Deleted List No. 1’ সিলেক্ট করুন। তা ছাড়া লিস্ট পৌঁছবে বুথ, BDO, SDO, জেলাশাসকের কার্যালয়েও। সেখান থেকেও জানতে পারবেন আপনার নামের স্টেটাস।
ডিলিটেড তালিকায় নাম থাকা মানে, আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এ বার আপনার জন্য কোন পথ খোলা? আপত্তি সংক্রান্ত আবেদন জানাতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ২৩টি জেলার জন্য ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে। ১৯ জন বিচারপতি সেই ট্রাইবুনালের দায়িত্বে।
যাঁদের নাম বাদ যাচ্ছে, তাঁরা ECINET App কিংবা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন। অফলাইনে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও মহকুমা শাসকের কাছেও আবেদন করা যাবে।
তবে, এই ট্রাইব্যুনাল কবে চালু হবে, তা এখনও নিশ্চিত নয়। কারণ, ট্রাইব্যুনালের অফিসের ব্যবস্থার দায়িত্বে রাজ্য সরকার। সে সব ঠিক হলে হাইকোর্টে জানাতে হবে। হাইকোর্ট গ্রিন সিগন্যাল দিলে তার পরে চালু হবে ট্রাইবুনাল। তারও পরে আবেদন গ্রহণ শুরু হবে।