দিগন্ত মান্না, পাঁশকুড়া
প্রথমে সিপিএম, তারপরে বিজেপি, আর এ বার তৃণমূল! তিন বার তিন দলের প্রার্থী হলেন হলদিয়ার (Haldia) তাপসী মণ্ডল। প্রথমবার হলদিয়ায় সিপিএমের টিকিটে জিতে বিধায়ক হন। দ্বিতীয়বার বিজেপির টিকিটে জিতে হলদিয়া থেকে বিধায়ক হয়েছিলেন। গত বছর বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দেন তাপসী। এ বার বিধানসভা নির্বাচনে তাপসী হলদিয়ায় তৃণমূলের টিকিটে লড়ছেন। পরপর তিনটি বিধানসভা নির্বাচনে তিনটি আলাদা আলাদা রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার রেকর্ড খুব কম জনের রয়েছে। রঙের পাশাপাশি বিধায়ক হিসেবেও কি হ্যাটট্রিক করবেন তাপসী, প্রশ্ন ঘুরছে।
তবে তিন বার তিন প্রতীকে ভোটে লড়ার বিষয়টি নিয়ে তাপসীকে সমাজমাধ্যমে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন নেটিজেনরা। ফেসবুকে একজন লিখেছেন, 'কী ভয়ানক জনপ্রিয়। কোনও দল ছাড়তেই চায় না! সবাই বলে একবারটি আমাদের দলের হয়ে দাঁড়ান। সবাই বলছে এ বার জিতে গেলে ২০৩১-এর বিধানসভা নির্বাচনে উনি নাকি আইএসএফের হয়ে লড়বেন।' আরও এক নেটিজ়েনের কটাক্ষ, 'প্রত্যেক বিধানসভা নির্বাচনে যিনি দল বদল করেন তাঁকে কেউ বিশ্বাস করে না। হলদিয়াবাসীর দুর্ভাগ্য এরকম একজন দলবদলু হলদিয়ায় দু'বারের বিধায়ক ছিলেন।' তবে দলবদলু তাপসীর জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল। তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিতকুমার রায় বলেন, 'তাপসী মণ্ডলের জয় নিয়ে আমরা পুরোপুরি নিশ্চিত।' তাপসী নিজেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেন, 'হলদিয়ার মানুষ আবারও আমায় বিধায়ক নির্বাচিত করবেন। রাজ্য সরকারের উন্নয়ন হবে।' হলদিয়ার বিজেপি প্রার্থী প্রদীপকুমার বিজলিও জয়ের ব্যাপারে নিশ্চিত। তাঁর কথায়, 'হলদিয়ার মানুষ গত বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে রায় দিয়েছিলেন। এ বারও তাই হবে। তাপসী মণ্ডল হারবেন।'
এক সময়ে তাপসী হলদিয়া পুরসভায় সিপিএমের পুর প্রতিনিধি ছিলেন। ২০১৬ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার। পরিবর্তনের দ্বিতীয় প্রবল হাওয়ার মধ্যেও হলদিয়ায় গড় অটুট রাখে সিপিএম। ২০১৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীকে হারিয়ে সিপিএমের টিকিটে হলদিয়া থেকে বিধায়ক নির্বাচিত হন তাপসী। ২০২০ সালে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দেন তাপসী। ২০২১-এর বিধানসভা নির্বাচনে হলদিয়া কেন্দ্রে তাপসীকে টিকিট দেয় বিজেপি। দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত হন তাপসী। ২০২৬-এর বিধানসভা ভোটের এক বছর আগে আবারও দল বদল করেন তাপসী। তৃণমূলে যোগ দেন তিনি। তৃণমূলে যোগ দেওয়ার পরে রাজ্য সরকার তাপসীকে নারী ও শিশুকল্যাণ ও সমাজ কল্যাণ দপ্তরের অধীনে নারী উন্নয়ন বোর্ডের চেয়ারপার্সন পদে বসায়। শুধু তাই নয়, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কো-মেন্টর করা হয় তাপসীকে।
রাজনৈতিক মহলের মতে, দল বদলের পুরস্কার হিসেবে এ বার বিধনাসভা নির্বাচনে তাপসীকে হলদিয়া বিধানসভায় টিকিট দেয় তৃণমূল। পরপর তিনটি বিধানসভা নির্বাচনে তিন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার রেকর্ড পূর্ব মেদিনীপুর জেলায় আর কারও নেই বলে দাবি করছেন অনেকেই। তবে তাপসীর বার বার দল বদলের বিষয়টি ভালো চোখে দেখছেন না হলদিয়ার মানুষজন। নাম প্রকাশে অনিচ্ছুক হলদিয়ার এক বাসিন্দা বলেন, 'তাপসী মণ্ডলের বার বার দল বদল আমরা ভালো ভাবে নিচ্ছি না। তিনি পদের লোভে এ সব করছেন। তাই তিন বার তিন দলের হয়ে লড়ছেন। তাপসী এ বার জিততে পারবেন না বলে মনে হয়।'