নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বিজেপির স্ট্যাম্প। হাতে কাগজ নিয়ে নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর অভিযোগ, ‘ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে।’ তাঁর সংযোজন, ‘ব্যাকডোর দিয়ে এসেছেন কেন, সামনা সামনি করুন।’ এর আগে বহুবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে, নির্বাচন কমিশনে বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে। তৃণমূলের তরফেও বার বার এমন অভিযোগ করা হয়েছে। এই আবহে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বিজেপির স্ট্যাম্প দেওয়া- এমন একটি ছবি সামনে আসায়, তীব্র গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও কমিশনের তরফে জানানো হয়েছে এটি নেহাতই ‘ক্ল্যারিকাল এরর’।
ভোট প্রচারে উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মঙ্গলবার, বিমানবন্দর থেকে নির্বাচন কমিশনকে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন ভোটার তালিকা থেকে নাম কাটার তীব্র বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে দেরি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। পরে যেটুকু নাম ভোটার তালিকায় উঠেছে, সেটা তাঁর করা মামলার জন্যই হয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে সব রাজনৈতিক দলগুলিকে প্রতিবাদ করতে আহ্বান জানিয়েছেন তিনি।