• পার্লারে ঢুকে মহিলাকে খুন করে আত্মঘাতী যুবক, নেপথ্যে সম্পর্কের টানাপড়েন?
    এই সময় | ২৪ মার্চ ২০২৬
  • এক মহিলাকে তাঁর কর্মক্ষেত্রে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল। সম্পর্কের টানাপড়েনের জেরে এই ঘটনা বলে প্রাথমিক ভাবে সন্দেহ পুলিশের। মঙ্গলবার সকালে নরেন্দ্রপুর থানা এলাকায় গড়িয়ার তেঁতুলতলায় এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার নাম রূপবাণী দাস (৫০)। তেঁতুলতলায় প্রায় ১৫ বছরের পুরোনো একটি বিউটি পার্লার রয়েছে রূপবাণীর। সেখানেই খুন করা হয়েছে তাঁকে। খুন করার পরে অভিযুক্ত আত্মঘাতী হয়েছেন বলে পুলিশ সূত্রের খবর।

    জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা ৫ নাগাদ রূপবাণীর স্বামী অনুপকুমার দাস তাঁকে পার্লারের সামনে নামিয়ে দিয়ে যান। ১২টা ৪৫ মিনিট নাগাদ পার্লার থেকে বাড়িতে ফোন করে জানানো হয় পার্লারের মধ্যে মারামারি হচ্ছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন রূপবাণীর স্বামী, ছেলে এবং জামাইবাবু।

    প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এক কাশ্মীরি যুবকের সঙ্গে সম্পর্ক ছিল ওই মহিলার। কয়েকদিন ধরে তাঁদের মধ্যে অশান্তি হচ্ছিল। সেই টানাপড়েনের জেরেই এই খুন হয়েছে বলে সন্দেহ। স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার রূপবাণী তাঁর পার্লারে ঢোকার পরেই ওই যুবকও পার্লারে আসেন। এরপরেই পার্লারের দরজা ভিতর থেকে বন্ধ করে দেন যুবক। দু’জনের মধ্যে তুমুল অশান্তিও হয়। এরপরে পার্লার থেকে ফোন করা হয় রূপবাণীর বাড়িতে।

    তারপরে, বাড়ির লোকজন এসে পার্লারের দরজা খুলে দেখেন ভিতরে রক্তারক্তি কাণ্ড। রূপবাণীর গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল বলে সূত্রের খবর। অভিযুক্ত যুবকও নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। কেন এই ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে। দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

  • Link to this news (এই সময়)