আজকাল ওয়েবডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে নিয়ে যেতে পশ্চিমবঙ্গের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন কমিশন। সোমবার এক জরুরি নির্দেশিকা জারি করে রাজ্যের মোট ৭৩ জন রিটার্নিং অফিসারের বদলি ও নতুন নিয়োগের তালিকায় সিলমোহর দেওয়া হয়েছে। কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র জানিয়েছেন, রাজ্য নির্বাচন আধিকারিকের পাঠানো প্রস্তাব খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কাজের গতি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে যে, নবনিযুক্ত এই আধিকারিকদের আগামী ২৪শে মার্চ, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে নিজ নিজ নির্বাচনী ক্ষেত্রে সশরীরে রিপোর্ট করতে হবে। এর ঠিক পরেই, ২৫শে মার্চ বুধবার সকাল ১১টা থেকে নির্ধারিত প্রশিক্ষণ কর্মসূচিতে তাঁদের যোগদান বাধ্যতামূলক করা হয়েছে। এবারের তালিকায় অভিজ্ঞ WBCS (Exe) আধিকারিকদের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তরুণ আইএএস অফিসারদের হাতে।
কলকাতার হাই–প্রোফাইল কেন্দ্রগুলোর মধ্যে ভবানীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে সুরজিৎ রায়কে। এছাড়া রাসবিহারী, জোড়াসাঁকো এবং এন্টালি কেন্দ্রে যথাক্রমে উত্তম কুমার মন্ডল, অনুপমা পুরকায়স্থ এবং শুভময় ভট্টাচার্যকে নিয়োগ করা হয়েছে। সল্টলেকের বিধাননগর কেন্দ্রের দায়িত্ব সামলাবেন প্রিয়াংশা গর্গ। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে যাদব সূর্যভান অচ্ছেলাল এবং ভাটপাড়ায় তেজস্বী রানাকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে, সন্দেশখালি (ST) কেন্দ্রের দায়িত্ব সামলাবেন চৈতালী দত্ত।
তালিকায় আরও দেখা যাচ্ছে, মালদার ইংলিশবাজার কেন্দ্রের জন্য বেছে নেওয়া হয়েছে রুশালি ক্লেরকে। দক্ষিণ ২৪ পরগনার কসবা ও যাদবপুর কেন্দ্রে থাকছেন যথাক্রমে পূর্ণিমা দে এবং রাজীব মন্ডল। এছাড়া হলদিয়া কেন্দ্রে হিরকজ্যোতি মজুমদার এবং আসানসোল উত্তর কেন্দ্রে অঘোর রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতেই অভিজ্ঞ ও দক্ষ অফিসারদের এই নতুন তালিকায় স্থান দিয়েছে কমিশন।