• উত্তরবঙ্গ যাওয়ার পথে ফের বিজেপিকে তোপ মমতার
    আজকাল | ২৪ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ভোটের প্রচারে মঙ্গলবার উত্তরবঙ্গ গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে রীতিমতো বিস্ফোরক মমতা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন। বলেই দিলেন, ‘‌নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। কমিশনের নোটিফিকেশনে বিজেপির সিম্বল রয়েছে। কমিশনের লেটারহেডে রয়েছে বিজেপির স্ট্যাম্প।’‌ নিজের কথার স্বপক্ষে একটি কাগজ দেখিয়ে প্রমাণও দেন মমতা। তিনি জানান, ‘‌কমিশন কাদের কথায় চলছে তা বোঝাই যাচ্ছে। সোমবারই ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করেছে। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে।’‌ 

    এরপরই মমতা বলেন, ‘‌মধ্যরাতে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে।’‌ মমতার প্রশ্ন ‌একতরফা কোনও দলের লোকেদের নাম ঢোকানো হয়েছে?‌ নয়ত মধ্যরাতে তালিকা প্রকাশ কেন?‌

    উত্তরবঙ্গ যাওয়ার পথে মমতা স্পষ্ট করে দিয়েছেন, ‘‌ব্যাকডোর দিয়ে খেলছে এই কমিশন। সাহস থাকলে সামনাসামনি খেলুন। লিস্ট বের করতে এত ভয় কেন?‌ বোঝাই যাচ্ছে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ছে। এটা ক্ল্যারিকাল মিসটেক না ইচ্ছাকৃত তা তালিকা দেখলেই বুঝতে পারব।’‌

    সবাইকে জোট বাঁধার পরামর্শ দিয়ে মমতা বলে যান, ‘‌এই এসআইআরই বিজেপিকে শেষ করবে।’‌

    এটা ঘটনা, নির্বাচন কমিশনের চিঠিতে জ্বলজ্বল করছে ভারতীয় জনতা পার্টির সিল। এই ঘটনায় তীব্র বিতর্কের জেরে কেরলে নির্বাচনের কমিশনের এক আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। মঙ্গলবার এই তথ্য জানান কেরলের মুখ্য নির্বাচনী আধিকারিক। এই ঘটনায় ইতিমধ্যেই মুখ খুলেছে বিরোধী দলগুলি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে নির্বাচন কমিশন এবং কেন্দ্রে থাকা বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছেন অভিষেক ব্যানার্জিও।

    জানা গিয়েছে, সংশ্লিষ্ট ফাইলটি দেখভাল করা এক সহকারী সেকশন অফিসারকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি, রাজনৈতিক দলগুলিকে পাঠানো মূল চিঠির লিঙ্কও প্রকাশ করা হয়েছে, যেখানে বিজেপির কেরল ইউনিটের কোনও সিল ছিল না।

    বিতর্ক সামনে আসার পর নির্বাচন কমিশন জানায়, চিঠিতে বিজেপির সিল থাকা ছিল সম্পূর্ণভাবে একটি ‘ক্লারিকাল এরর’। কেরলের মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই ভুল স্বীকার করা হয় কমিশনের।
  • Link to this news (আজকাল)