• প্রথম প্রচারেই প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার অভিষেকের
    আজকাল | ২৪ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: দুয়ারে বিধানসভা নির্বাচন। প্রথম থেকেই প্রচারে ঝড় তোলা শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে প্রচার শুরু করলেন অভিষের ব্যানার্জি। করলেন তৃণমূলের ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার। পাশাপাশি, "বাঙালি বিরোধী" বলে কটাক্ষ করেন বিজেপিকে। 

    পাথরপ্রতিমা কলেজ গ্রাউন্ডের প্রচার সভায় অভিষেক বলেন, "দক্ষিণ চব্বিশ পরগনা যা আজ ভাবে, গোটা বাংলা কাল ভাবে। আর বাংলা আজ যা ভাবে গোটা ভারত কাল তা ভাবে। এই বাংলার মাটি থেকে দেশে বদলের সূত্রপাত হবে।" 

    দিন কয়েক আগেই প্রকাশিত হয়েছে তৃণমূলের ইস্তেহার। সেখানে মহিলা থেকে যুব সমাজ হয়ে প্রবীণ, সকলের ওপরেই বিশেষ নজর দেওয়া হয়েছে। ইস্তেহারে ১০ অঙ্গীকারের কথা বলেছেন মমতা ব্যানার্জি। বলেছিলেন, "আমাদের অঙ্গীকার, প্রতিজ্ঞা, যা বলি, তাই করে দেখাই।" ভোটের প্রচারে অভিষেকের মুখেই সেই সংকল্পের কথা।

    অভিষেক বলেন, "চতুর্থবার মমতা সরকার এলেই ১০টি কাজে ধ্যান দেওয়া হবে। গুরুত্ব দিয়ে দেখা হবে ২ কোটি ৪০ লাখ মায়েদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে দেওয়া, আগামী পাঁচ বছরের মধ্যে সকলের পাকা বাড়ির সংস্থান, রাজ্যের সব মহকুমায় সেবাশ্রয়ের মতো দুয়ারে চিকিৎসার আয়োজন, সব বাড়িতে নলবাহিনী পানীয় জলের সুব্যবস্থা, সব প্রবীণকে বার্ধক্য ভাতা দেওয়া হবে।"

    এছাড়াও, স্কুল, জেলা গঠন-সহ তৃণমূলের ইস্তেহারে বর্ণিত বাকি প্রতিশ্রুতিগুলোর কথাও তুলে ধরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, "স্বাধীনতার পর থেকে, ২০১১ পর্যন্ত পাথরপ্রতিমায় যা কাজ হয়েছে, ১৫ বছরে তার দশগুণ হয়েছে। গ্রামীণ হাসপাতাল নিয়ে এখানকার মানুষের অভিযোগ রয়েছে, চতুর্থবার সরকার গড়ার পর অগ্রাধিকার দিয়ে দেখা হবে। পাথরপ্রতিমায় বাস টার্মিনাসের দাবি রয়েছে, একটা সমীক্ষা করে সেটাও সম্ভব হলে করা হবে।"

    বিজেপিকে এদিন "কেউটে" বলে কটাক্ষ করেন অভিষেক ব্যানার্জি। বাংলাকে কেন্দ্রীয় বঞ্চনার উদাহরণ দিয়ে তিনি বলেন, "বিজেপিকে ভোট দেওয়া মানে নিজের পায়ে কুড়ুল মারা। এদের ভোটের সময়ে দেখা যায়, বাকি সময়ে মানুষের সঙ্গে আর কোনও যোগাযোগ থাকে না। শুধু মুখে বড় বড় কথা। জেনে রাখুন, পদ্মফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে শাপ।"

    পাথরপ্রতিমা বিধানসভার জয়ে এবার দ্বিগুণ টার্গেট বেঁধে দেন তৃণমূল সেনাপতি। বললেন, “৪০ হাজারের বেশি ব্য়বধানে জিততে হবে।” অর্থাৎ গতবারের নিরিখে এবার দ্বিগুণ টার্গেট বেঁধে দিলেন তিনি। 

     
  • Link to this news (আজকাল)