• ৯ জেলায় দুর্যোগের আশঙ্কা, বাড়বে ঝড়বৃষ্টি, তাপমাত্রা কি ফের কমবে?
    আজ তক | ২৪ মার্চ ২০২৬
  • দক্ষিণবঙ্গে ফের আবহাওয়ার পালাবদলের ইঙ্গিত। হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহের শেষ থেকেই আবার ঝড়বৃষ্টি শুরু হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকলেও শুক্রবার থেকে পরিস্থিতির পরিবর্তন হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই টানা তিন দিন, শুক্র, শনি ও রবিবার বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

    কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
    শুক্রবার থেকেই কলকাতায় বৃষ্টির সূচনা হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার থাকতে পারে। শনিবার ও রবিবার সেই দাপট আরও বাড়বে, হাওয়ার গতি পৌঁছতে পারে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়ার পর বৃষ্টি এলেও গরম থেকে বিশেষ স্বস্তি মিলবে না। বরং তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস।

    দক্ষিণবঙ্গে কোথায় বেশি বৃষ্টি?
    দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকলেও হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায় শুক্রবার তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। এর আগেই, অর্থাৎ মঙ্গলবার থেকেই ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও দুই বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

    উত্তরবঙ্গে পরিস্থিতি আরও জটিল
    উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা তুলনামূলক বেশি। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে সেখানে ঝড়বৃষ্টি আরও জোরালো আকার নিতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে সতর্কতা জারি হয়েছে।

    বৃষ্টি হলেও কমবে না গরম
    আকাশ মেঘলা থাকলেও এবং ঝড়বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা কম। বরং আগামী ৪-৫ দিনে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে অস্বস্তিকর গরম ও আর্দ্রতা বজায় থাকবে।

    কেন এই আবহাওয়ার পরিবর্তন?
    হাওয়া অফিসের মতে, একাধিক ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা সক্রিয় হওয়ায় বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। এর ফলে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। পাশাপাশি বাতাসের দিক পরিবর্তনের কারণে নিম্নচাপ সৃষ্টির প্রবণতাও বাড়ছে, যা সামগ্রিকভাবে আবহাওয়াকে আরও অস্থির করে তুলছে।

     
  • Link to this news (আজ তক)