• গড়িয়ায় পার্লারে রক্তারক্তি, মহিলাকে কুপিয়ে খুন, যুবকেরও দেহ উদ্ধার
    আজ তক | ২৪ মার্চ ২০২৬
  • ভোটের মুখে কলকাতার উপকণ্ঠে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। গড়িয়ার মহামায়াতলায় একটি বিউটি পার্লারের ভিতরে ঢুকে মালিক এক মহিলাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। ঘটনাস্থল থেকেই উদ্ধার হয়েছে অভিযুক্ত এক যুবকের দেহও, যা ঘিরে তৈরি হয়েছে রহস্য।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন আচমকাই 'রূপবাণী ফ্যাশন অ্যান্ড কালার্স কাট' পার্লারে ঢুকে পড়ে এক যুবক। কোনও কথা না বলেই তিনি পার্লার মালিক মহিলার ওপর হামলা চালান। ধারাল অস্ত্রের একাধিক কোপে গুরুতর জখম হন তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

    অন্যদিকে, ঘটনাস্থল তল্লাশি চালিয়ে পার্লারের ভিতর থেকেই উদ্ধার হয় ওই যুবকের দেহ। প্রাথমিক অনুমান, হামলার পর কোনওভাবে তাঁরও মৃত্যু হয়েছে। তবে এটি আত্মহত্যা, নাকি অন্য কোনও কারণে মৃত্যু, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

    পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত যুবক ভিনরাজ্যের বাসিন্দা। তবে তাঁর সঠিক পরিচয় এখনও জানা যায়নি। কী কারণে এই হামলা, নিহত মহিলার সঙ্গে তাঁর কোনও পূর্বপরিচয় ছিল কি না, এই সব প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা। 

    জানা যাচ্ছে ওই পার্লারকর্মী ওই মহিলার সঙ্গে যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই খুন বলে মনে করা হচ্ছে। সকালে ওই রূপটান কর্মী মহিলার স্বামী বাইকে করে তাঁকে পার্লারটিতে নামিয়ে দিয়ে যান। তারপরই তিনি ওই খবর পান।

    ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ভোটের আগে এমন নৃশংস ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই গোটা ঘটনাটি ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদও চলছে।

    সব মিলিয়ে, গড়িয়ার এই দ্বৈত মৃত্যুর ঘটনা ঘিরে রহস্য ক্রমশ গভীর হচ্ছে। পুলিশের তদন্তে উঠে আসবে প্রকৃত কারণ, এখন সেই দিকেই নজর সকলের।

     
  • Link to this news (আজ তক)