• মাঝরাতে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে বিজেপি-কমিশনকে নিশানা মমতার
    দৈনিক স্টেটসম্যান | ২৪ মার্চ ২০২৬
  • সোমবার বেশি রাতে এসআইআরের তালিকা প্রকাশ নিয়ে মমতা বলেন, ‘তালিকা বার করতে এত ভয় কেন? তা হলে কি তালিকায় স্বচ্ছতা নেই? কেন মধ্যরাতে তালিকা প্রকাশ করা হল? বিচারকেরা তো ছ’দিন আগে কাজ শেষ করে দিয়েছিলেন। তার পরেও দেরি কেন? এক তরফা কোনও পার্টির নাম ঢুকিয়েছেন?’

    বিধানসভা ভোটের প্রচারের জন্য মঙ্গলবার দুপুরে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে দাঁড়িয়ে ফের তিনি সরকারি আমলা ও আধিকারিকদের বদলি করা নিয়েও প্রশ্ন তোলেন। অনৈতিক ভাবে ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরে নিয়ে আসা হয়েছে বলেও অভিযোগ করেন মমতা।

    বিজেপি নির্বাচন কমিশনকে দলীয় স্বার্থে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। এদিন বিজেপির বিরুদ্ধে সমস্ত দলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বাম-ডান ভুলে যান। যাঁরা এই চক্রান্তের বিরুদ্ধে, তাঁরা সবাই এক জোট হোন। আমার পাশে থাকার দরকার নেই। মানুষের পাশে থাকুন।’

    তাঁর দাবি, রাজ্যে এসআইআর ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে সরব হন এবং একাধিকবার নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠান। এমনকি বিষয়টি নিয়ে তিনি দিল্লিতেও যান এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। মমতা এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে তাঁর সওয়ালের প্রসঙ্গ তুলে বলেন, ‘মনে রাখবেন, যেটুকু নাম উঠেছে, সেটাও আমার কোর্টে মামলা করার জন্য।’

    সেই সঙ্গে কমিশন ও বিজেপিকে নিশানা করে মমতার হুঁশিয়ারি, ‘এই এসআইআর-ই ওদের শেষ করবে।’ সোমবার মধ্যরাতে তালিকা প্রকাশের পরে মঙ্গলবার দুপুর পর্যন্ত কেন বুথে বুথে তালিকা টাঙানো হয়নি, তা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূলনেত্রী।

    গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে, যেখানে প্রায় ৬০ লক্ষ নাম বিবেচনাধীন অবস্থায় ছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী, সোমবার গভীর রাতে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়। যদিও সম্পূর্ণ তথ্য এখনও স্পষ্ট নয়, তবে জানা যাচ্ছে যে প্রায় ২৮ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। গোটা বিষয়টিকে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী বলে আখ্যা দেন এবং ভবিষ্যতে প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলনেরও ইঙ্গিত দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)