• ভয়মুক্ত পরিবেশে হোক নির্বাচন, কর্মীদের জন্য কড়া নির্দেশিকা জারি নবান্নের
    প্রতিদিন | ২৪ মার্চ ২০২৬
  • রাজ্যে বেজে গিয়েছে ভোটের বাদ্যি। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে এবার বেনজির পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। গতবারের তুলনায় এবার অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হচ্ছে বাংলায়। নিরাপত্তার ক্ষেত্রে কার্যত কোথাও কোনও খামতি রাখতে চাইছে না কমিশন। কমিশনের সঙ্গেই ২৬ এর নির্বাচন এবার যাতে অবাধ এবং শান্তিপূর্ণ হয়, সেই লক্ষ্যেই এবার কোমর বেঁধে নামছে রাজ্য প্রশাসনও। আর তা নিশ্চিত করতে এবার কড়া নির্দেশিকা জারি করলেন মুখ্যসচিব। যেখানে রাজ্যের সমস্ত সরকারি দপ্তর, কর্মী এবং আধিকারিকদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ২৬ এর নির্বাচন কোনও অশান্তি বরদাস্ত করা হবে না। একইসঙ্গে ৬ দফা বিষয়ের উপরেও জারি করা নির্দেশিকায় জোর দেওয়া হয়েছে। 

    যার মধ্যে ১: হিংসামুক্ত নির্বাচন, অর্থাৎ ভোট প্রক্রিয়া কোনওভাবেই হিংসা বরদাস্ত করা হবে না। ২: ভয়হীন নির্বাচন, অর্থাৎ কোনও ভাবেই এই নির্বাচনে কাউকে ভয় দেখানো যাবে না। ৩: প্ররোচনামুক্ত নির্বাচন, নির্বাচনে কোনওভাবেই প্ররোচনা দেওয়া যাবে না। ৪: ছাপ্পা নিয়ে কড়াকড়ি, অর্থাৎ ছাপ্পা, জাল ভোট রুখতে এবার বিশেষভাবে সতর্ক কমিশন। এক্ষেত্রে কড়া রাজ্য প্রশাসনও। ফলে আধিকারিকদের বিশেষ নজর রাখার কথা বলা হয়েছে। ৫: বুথ দখল, বুথ জ্যামিং বা ভোটদান কেন্দ্রে অবৈধ জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ। ৬, ভোটারদের বাধা নয়, ‘সোর্স জ্যামিং’ কিংবা ভোটারদের ভয় দেখানো, বাড়ি থেকে বেরোতে বাধা দেওয়ার মতো ঘটনা সামনে আসলে আইন মেনে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

    রাজ্য প্রশাসনের এই নির্দেশ প্রতিটি সরকারি কর্মীর কাছে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। আর তা যে পৌঁছেছে সে বিষয়ে নিশ্চিত হতে একটি নির্দিষ্ট ইমেল আইডিতে রিপোর্ট পাঠাতেও বলা হয়েছে। রাজনৈতিকমহলের মতে, গত নির্বাচনগুলিতে রাজ্যে হিংসার ঘটনার সামনে এসেছে। এমনকী ঘটেছে রক্তপাতও। সেদিকে নজর রেখেই এবার এই বিষয়ে বিশেষ ভাবে সতর্ক কমিশন এবং প্রশাসন। শুধু তাই নয়, মানুষ যাতে ভয়হীনভাবে ভোট দিতে পারেন তাও নিশ্চিত করা হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)