• পথকুকুর আঁচড়ে দিলেও ইঞ্জেকশনের ভয়ে নেয়নি ভ্যাকসিন, ৬ মাস পর জলাতঙ্কে মৃত্যু বালিকার
    প্রতিদিন | ২৪ মার্চ ২০২৬
  • মাস ছয়েক আগে একটি পথকুকুর আঁচড়ে দিয়েছিল ৯ বছরের বালিকার। চিকিৎসকের পরামর্শ সত্বেও ইঞ্জেকশনে ভীত বালিকাকে ভ্যাকসিন দিতে পারেনি পরিবার। সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। মুম্বইয়ের হাসপাতালে চিকিৎসা শুরু হলেও জলাতঙ্কে মৃত্যু হয়েছে তার।

    চতুর্থ শ্রেণির ছাত্রী ওই বালিকার নাম কাশিশ সাহানি। মাস ছয়েক আগে দাদুর সঙ্গে ঘুরতে বেরিয়েছিল সে। তখনই একটি পথকুকুর আঁচড়ে দেয় কাশিশকে। পরিবারের লোকেরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভ্যাকসিন দিতে গেলে ইঞ্জেকশনের ভয়ে তা নেয়নি বালিকা। কয়েক দিনের মধ্যে আঁচড়ের জায়গাটি স্বাভাবিক হয়ে যায়। অন্য উপসর্গও ছিল না। এই অবস্থায় পরিবারের লোকেরাও ঘটনাটি ভুলে যায়।

    এর মধ্যে মাস ছয়েক কেটে গিয়েছে। সম্প্রতি কাশিশের শরীর খারাপ হতে শুরু করে। খাবার এবং জল খাওয়া বন্ধ করে দেয় সে। তার চোখ লাল হতে শুরু করে। অসুস্থতা বাড়ছে দেখে দ্রুত স্থানীয় হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়। আশঙ্কাজনক হওয়ায় মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। সোমবার সেখানেই জলাতঙ্কে আক্রান্ত বালিকার মৃত্যু হয়েছে।

    কাশিশের মৃত্যুর পর পরিবারের বাকি সদস্য এবং প্রতিবেশীদের শারীরিক পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় পৌর কর্তৃপক্ষ। ৯ বছরের শিশুর বেঘোরে মৃত্যুর পর চিকিৎসকদের পরামর্শ— বেড়াল বা কুকুর কামড়লে বা আঁচড়ালে অবহেলা করবেন না। সামান্য ঘটনা থেকে বড় বিপদ ঘটে যেতে পারে। দ্রুত চিকিৎসা শুরু করুন।
  • Link to this news (প্রতিদিন)