• যুদ্ধ শুরুর পরে প্রথমবার ট্রাম্প-মোদী ফোনালাপ! পশ্চিম এশিয়ার সঙ্কট মেটাতে বড় ভূমিকায় ভারত?
    এই সময় | ২৪ মার্চ ২০২৬
  • আমেরিকা-ইজ়রায়েল- ইরান যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই দীর্ঘ ফোনালাপ আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মঙ্গলবার, ভারতে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত সার্জিও গোর (Sergio Gor) সোশ্যাল মিডিয়ায় এই খবর দিয়েছেন।

    গোর লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদী আজ কথা বলেছেন। হরমুজ় প্রণালী উন্মুক্ত রাখার গুরুত্ব-সহ মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। আরও বড় খবরের জন্য সঙ্গে থাকুন (Stay tuned)।’ তা হলে এ বার পশ্চিম এশিয়ার সঙ্কট মেটাতে বড় ভূমিকা নিতে চলেছে ভারত? জল্পনা তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে।

    বর্তমানে স্ট্রেট অফ হরমুজ় কার্যত বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট তীব্র হয়েছে। তেলের দাম আকাশছোঁয়া হওয়ার উপক্রম। সোমবারই ট্রাম্প ৫ দিনের জন্য আমেরিকান হামলা বন্ধ রাখার ঘোষণা করেছেন। ইরানের সঙ্গে আলোচনা চাইছেন তিনি। তবে ইরান বুঝিয়ে দিয়েছে আপাতত আলোচনায় আগ্রহী নয় তারা।

    এই পরিস্থিতিতে ভারতকে কি মধ্যস্থতাকারীর ভূমিকায় চাইছেন ট্রাম্প? ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই ফোনালাপ তারই ইঙ্গিত। সার্জিও গোর স্পষ্ট জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদীকে ‘প্রিয় বন্ধু’ বলে গণ্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তাঁর উপরে বিশেষ আস্থা রাখেন।

    তবে ভারতবাসী তাকিয়ে আছে এই যুদ্ধ কবে বন্ধ হবে সেই দিকে। যুদ্ধের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে আপামর ভারতবাসীর পকেটে। তেলের দাম, গ্যাসের দাম এবং পরিবহন খরচ বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও। ট্রাম্প-মোদী বন্ধুত্বের রসায়ন কি এই জ্বালানি সঙ্কটের কোনও সমাধান বের করতে পারবে? সেই ক্ষেত্রে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ কিছুটা কমতে পারে।

  • Link to this news (এই সময়)