• নামের পাশে উল্লেখ ‘বিচারাধীন’, বাংলায় এমন প্রার্থীর সংখ্যা কত? কী পরামর্শ সুপ্রিম কোর্টের
    এই সময় | ২৪ মার্চ ২০২৬
  • পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট (West Bengal Election 2026) ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। প্রথম দফায় ভোট হবে ২৩ এপ্রিল। ইতিমধ্যেই তার প্রচার শুরু হয়ে গিয়েছে। এক এক করে মনোনয়নও জমা দিচ্ছেন প্রার্থীরা। কিন্তু তাঁদের নামই যদি ভোটার তালিকায় (Voter List) না ওঠে? ‘SIR’ (Special Intensive Revision) মামলার শুনানিতে এই প্রশ্নই উঠেছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। তার জবাবে বড় নির্দেশ দিলেন বিচারপতিরা।

    চূড়ান্ত ভোটার লিস্টে ৬০ লক্ষ নাম ‘বিচারাধীন’ তালিকায় রয়েছে। এর মধ্যে সোমবার প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে ২৯ লক্ষের নাম নিষ্পত্তি হয়েছে। কিন্তু বাদ পড়েছে প্রায় ৪০ শতাংশ নাম। ৩১ লক্ষ নাম ঝাড়াই-বাছাই এখনও বাকি। ইতিমধ্যে ৬টি রাজনৈতিক দলের ১৪ জন প্রার্থীর নাম অ্যাজুডিকেশন বা বিচারাধীন তালিকায় রয়েছে। সেগুলির নিষ্পত্তি না হলে তাঁরা আদৌ ভোটে দাঁড়াতে পারবেন কি না সন্দেহ প্রকাশ করছেন অনেকেই।

    এই প্রসঙ্গ টেনেই বাংলার SIR নিয়ে আরও কিছু নির্দেশ প্রয়োজন বলে সওয়াল করেন আইনজীবী শ্যাম দিওয়ান। জবাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যাওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলি একযোগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে এই সমস্যা মেটানোর জন্য অনুরোধ করতে পারে।’

    একই সঙ্গে যে সমস্ত এলাকায় প্রথম দফার ভোট, সেখানকার ভোটাররাও একই সমস্যায় পড়েছেন। তাঁদের অনেকের নামও বিচারাধীন তালিকায় রয়েছে। তাই যে আসনগুলোর মনোনয়ন আগে, সেখানকার ভোটারদের নথি আগে যাচাই করার পরামর্শও নির্বাচন কমিশনকে দিয়েছে সুপ্রিম কোর্ট।

    এই প্রসঙ্গে জুডিশিয়াল অফিসারদের উপরে অমানবিক চাপ পড়ছে বলেও মন্তব্য করেন বিচারপতি জয়মাল্য বাগচী। তিনি বলেন, ‘৪৫ দিনের মধ্যে ৬০ লক্ষ নাম নিষ্পত্তি করতে হবে। এটা অমানবিক কাজ।’ একই সঙ্গে তাঁর মন্তব্য, ‘বাংলার সমস্যা ইউনিক, অন্য রাজ্যের সমস্যাও আলাদা।’ তবে সাপ্লিমেন্টারি লিস্ট বা এই সংক্রান্ত সমস্যা পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও দেখা যায়নি বলেও মন্তব্য করেন বিচারপতিরা। প্রধান বিচরপতি সূর্যকান্ত বলেন, ‘অন্য অনেক রাজ্যে পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি নাম বাদ গিয়েছে।’

  • Link to this news (এই সময়)