• সাপ্লিমেন্টারি তালিকায় নাম, স্বস্তি তৃণমূলের জাকির, বায়রনের
    এই সময় | ২৪ মার্চ ২০২৬
  • অবশেষে স্বস্তি পেলেন মুর্শিদাবাদ জেলার দুই বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী (TMC Candidate)। এই বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে অনিশ্চয়তা দূর হলো জঙ্গিপুর ও সাগরদিঘি কেন্দ্রের বিদায়ী তৃণমূল বিধায়ক তথা তৃণমূল প্রার্থী জাকির হোসেন (Jakir Hossain) ও বায়রন বিশ্বাসের (Bayron Biswas)। চূড়ান্ত ভোটার তালিকায় তাঁদের নামের পাশে লেখা ছিল ‘আন্ডার অ্যাজুডিকেশন’ বা বিচারাধীন। সোমবার নির্বাচন কমিশন প্রথম দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে। তাতে নাম রয়েছে জাকির, বায়রনের।

    গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন প্রথম দফায় যে ভোটার তালিকা প্রকাশ করেছিল, তাতে জাকির হোসেন, বায়রন বিশ্বাস এবং জলঙ্গির তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাকের নাম ছিল না। তাঁদের নামের পাশে ‘আন্ডার অ্যাজুডিকেশন’ লেখা ছিল।

    ২০২৬-এর ভোটে আব্দুর রাজ্জাককে তৃণমূল প্রার্থী করেনি। তবে জাকির হোসেন, বায়রন বিশ্বাসকে তাঁদের পুরোনো কেন্দ্র থেকেই প্রার্থী করা হয়েছে। এই অবস্থায় ভোটার তালিকায় জাকির ও বায়রনের নাম উঠছে কি না, নজর ছিল সে দিকে। কারণ, ভোটার তালিকায় নাম না থাকলে ভোটে লড়া নিয়ে প্রশ্ন ওঠার সম্ভাবনা ছিল।

    সাগরদিঘির তৃণমূল প্রার্থী বায়রন বিশ্বাস বলেন, ‘বিজেপি চক্রান্ত করে SIR-র মাধ্যমে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। আমার নামও প্রথম ভোটার তালিকায় ছিল না। তবে সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে।’

    জঙ্গিপুরের প্রার্থী জাকির হোসেনের কথায়, ‘বৈধ ভোটার হিসেবে আমার নিজের ক্ষেত্রে কোনও সংশয় ছিল না। একই ভাবে আমার বিধানসভা কেন্দ্রের ভোটার হিসেবে যাঁদের নাম বিবেচনাধীন রয়েছে, তাঁরাও বৈধ। কারও নাম বাদ যাওয়ার কথা নয়। আমার বিশ্বাস আগামিদিনে ওই নামগুলিও তালিকায় উঠবে।’

    জাতীয় নির্বাচন কমিশন গত ২৮ ফেব্রুয়ারি রাজ্যে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে, তাতে মুর্শিদাবাদ জেলায় ১১ লক্ষের বেশি ভোটারের নাম বিচারাধীন তালিকায় ছিল। সোমবার রাতে নির্বাচন কমিশনের তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে কত ভোটারের নাম বাদ পড়েছে তা এখনও জানা যায়নি।

    এ দিকে তালিকা প্রকাশের পরে প্রযুক্তিগত সমস্যার জন্য মঙ্গলবার সকাল পর্যন্ত বেশির ভাগ বুথের অতিরিক্ত তালিকা ডাউনলোড করা যায়নি। এমনকী এপিক নম্বর দিয়েও অনেক ভোটার নাম দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

  • Link to this news (এই সময়)