ব্যাটলফিল্ড নন্দীগ্রাম (Nandigram)। জোর লড়াই এই বিধানসভা কেন্দ্রে। বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। তৃণমূলের প্রার্থী পবিত্র কর। ২০২১-এর ভোটে পবিত্র ছিলেন শুভেন্দুর (Suvendu Adhikari) লড়াইয়ে অন্যতম সেনা। এ বার তাঁরাই সম্মুখ-সমরে। সিপিএম এখানে প্রার্থী দিচ্ছে না, প্রার্থী বামফ্রন্ট-শরিক সিপিআই-এর (CPI)। চমকে দেওয়া প্রার্থী দিয়েছে ISF-ও। নাম মহম্মদ শবে মিরাজ খান। তিনি প্রাথমিক শিক্ষক।
৩৪ বছর বয়সি শবে মিরাজ খান নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ার বাসিন্দা। এর আগে দক্ষিণ ২৪ পরগনার সাগরের মন্দিরতলা সাবিত্রী প্রাথমিক বিদ্যালয়ে পড়াতেন তিনি। তিন মাস পরে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি কাশীনগর বোর্ড প্রথমিক বিদ্যালয়ে যুক্ত হন। ছ’বছর শিক্ষকতা করার পরে এখন নন্দীগ্রামের কাঞ্চন নগর প্রাথমিক বিদ্যালয়ে পড়ান।
শিক্ষকতার পাশাপাশি তাঁর মাদ্রাসাও রয়েছে। শবে মিরাজ খানরা সাত ভাই, দুই বোন। মিরাজের স্ত্রী, দুই ছেলে রয়েছে। ভাইরা আলাদা থাকেন। তবে সকলের সঙ্গেই সম্পর্ক ভালো। মিরাজ জানান, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে এলাকায় রাজনৈতিক হিংসায় বহু মানুষ আক্রান্ত হন। সেই সব দিনগুলোর স্মৃতি এখনও টাটকা। হিংসার বিরুদ্ধে লড়তেই তাঁর রাজনীতিতে আসা।
শবে মিরাজ বলেন, ‘দল আমাকে মনোনীত করেছে নন্দীগ্রামে লড়াই করার জন্য। দলের ঘোষণার পর থেকেই প্রচার শুরু করেছি।’ মিরাজের দাবি, নন্দীগ্রাম আন্দোলন, জমি রক্ষায় যে সব আন্দোলন হয়েছে, পরবর্তীতে তাতে রাজনীতির রং লেগেছে। সে দায়, তৃণমূল-বিজেপি উভয়েরই।
নন্দীগ্রামে কোনও উন্নয়ন হয়নি বলেও দাবি মিরাজের। হলদি নন্দীর উপরে নন্দীগ্রাম-হলদিয়া ব্রিজের কথা থাকলেও হয়নি, দাবি ISF প্রার্থীর। অভিযোগ, আইটিআই খোলার কথা বলা হলেও, তা হয়নি। স্বাস্থ্য পরিষেবার হালও খারাপ। সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে উঠলেও পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। সাধারণ মানুষকে পরিষেবা দিতেই তাঁর ভোটের ময়দানে লড়াই।
তৃণমূল: পবিত্র কর
বিজেপি: শুভেন্দু অধিকারী
সিপিআই: শান্তিগোপাল গিরি
জাতীয় উন্নয়ন পার্টি: সইদুল হক