• দলিতরা খ্রিস্টান ধর্ম গ্রহণে হারাবেন তপশিলি জাতি তকমা, রায় সুপ্রিম কোর্টের
    বর্তমান | ২৪ মার্চ ২০২৬
  • নয়াদিল্লি, ২৪ মার্চ: হিন্দু, শিখ বা বৌদ্ধ ধর্মের কোনও ব্যক্তি ইসলাম বা খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে তপশিলি জাতি’র (এসসি) তকমা হারাবেন। মিলবে না এসসি/এসটি আইনের আওতায় সংরক্ষণের সুবিধাও। মঙ্গলবার এমনই রায় দিল সুপ্রিম কোর্ট।

    বিচারপতি পি কে মিশ্র এবং বিচারপতি এন ভি আনজারিয়ার বেঞ্চ এদিন তার রায়ে বলেছে, ‘হিন্দু, শিখ বা বৌদ্ধ ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বী ব্যক্তি তপশিলি জাতির সদস্য হতে পারবেন না। অন্য কোনো ধর্মে ধর্মান্তরিত হলে এসসি মর্যাদা লোপ পায়।’

    বিতর্কের সূত্রপাত অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের ২০২৫ সালের মে মাসের একটি রায় ঘিরে। যেখানে বলা হয়েছিল, কোনও দলিত ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে তিনি নিজেকে আর তপশিলি সমাজের সদস্য বলে দাবি করতে পারেন না।

    এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চিন্তাদা আনন্দ নামে এক খ্রিস্টান ধর্মযাজক। যিনি জনৈক আক্কালা রামিরেড্ডি সহ কয়েকজনের বিরুদ্ধে জাতিগত বৈষম্যের অভিযোগ করেছিলেন। এসসি/এসটি আইনে দায়ের করেন অভিযোগ। তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর করে পুলিশ। সেই মামলা বাতিলের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত রামিরেড্ডি। এবং এই মামলায় রায় তাঁর পক্ষে যায়।

    হাইকোর্টের বিচারপতি এন হরিনাথ তাঁর রায়ে জানান, সার্টিফিকেট থাকলেও খ্রিস্টান ধর্ম গ্রহণের মাধ্যমে আনন্দ এসসি তকমা হারিয়েছেন। ফলে এসসি/এসটি আইনে তিনি সুরক্ষার সুবিধা পেতে পারেন না। তাড়াছা খ্রিস্টান ধর্মে সামাজিক অস্পৃশ্যতার কোনও স্থান নেই বলেও ওই রায়ে মন্তব্য করে উচ্চ আদালত। এর পরে জল গড়ায় সুপ্রিম কোর্টে।
  • Link to this news (বর্তমান)