• কেন মধ্যরাতে অতিরিক্ত ভোটার তালিকা? চক্রান্তের আশঙ্কা মমতার
    বর্তমান | ২৪ মার্চ ২০২৬
  • কলকাতা, ২৪ মার্চ: সকাল থেকে অপেক্ষা। একাধিকবার সময় বদলের পরে শেষ পর্যন্ত সোমবার মধ্যরাতে বাংলার অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাও আবার শুধুমাত্র অনলাইনে। তালিকা এখনও বুথে বুথে টাঙানো হয়নি। তেমনই অজানাই রয়ে গিয়েছে নানা জরুরি তথ্য। কত নামের নিষ্পত্তি হয়েছে? কত নাম বাতিল হয়েছে? সেই সংখ্যা কমিশন জানায়নি। ফলে বিভ্রান্তি অব্যাহত। আর মধ্যরাতে ‘গোপনে’ অতিরিক্ত তালিকা প্রকাশ নিয়ে মঙ্গলবার দুপুরে কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারকরা ছ’দিন আগে কাজ শেষ করার পরেও কেন কমিশনের এই দেরি? প্রশ্ন তুলেছেন  তিনি। আশঙ্কা প্রকাশ করেছেন, গোটা বিষয়টির মধ্যে গভীর চক্রান্ত থাকতে পারে। এমনকী, একতরফাভাবে বিজেপির লোকজনের নাম তালিকায় তোলার সম্ভাবনাও উড়িয়ে দেননি মমতা।

    ভোটপ্রচারে আজ দুপুরে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেন মমতা। তার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনকে তোপ দাগেন তিনি। নির্বাচন কমিশনের চিঠিতে পদ্ম চিহ্ন, বিজেপির নাম! সেই ছবি তুলে ধরে মমতা বলেন, ‘এই কমিশন নিরপেক্ষ নয়। বোঝাই যাচ্ছে কমিশন কাদের কথায় চলছে। ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। পিছন থেকে খেলছেন কেন? সামনে এসে খেলুন।’ এর রেশ ধরে তোলেন এসআইআর প্রসঙ্গ। বলেন, ‘এসআইআরের মাধ্যমে সাধারণ মানুষকে লাইনে দাঁড় করানো হয়েছে। মানুষ মারা যাচ্ছে। গতকালও দু’জন মারা গিয়েছেন। এই এসআইআর বিজেপিকে ধ্বংস করবে।’ রাজ্যের সরকারি আধিকারিকদের মর্জিমাফিক বদলি নিয়েও এদিন ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। 
  • Link to this news (বর্তমান)