ভোট বড় বালাই। নির্বাচনী প্রচারে বেরিয়ে একাধিক প্রার্থীকেই দেখা গিয়েছে অভিনব পন্থা অবলম্বন করতে। মঙ্গলবার জনসংযোগে বেরিয়ে সরাসরি চাষের জমিতে নেমে পড়লেন বিজেপি প্রার্থী খোকন দাস। নানুরের ইক্ষুধারা মাঠে কৃষকদের সঙ্গে আলু তোলার কাজে হাত লাগান তিনি। শুধু তাই নয়, গরুকে খাওয়ানোর জন্য তাঁকে খড় কাটতেও দেখা যায়। প্রার্থীর এমন মেজাজ দেখে এলাকায় শুরু হয়েছে ব্যাপক চর্চা।
মাঠে কাজ করার ফাঁকেই স্থানীয় চাষিদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন এই বিজেপি প্রার্থী। তাঁদের চাষবাসের সমস্যা এবং অভাব-অভিযোগের কথা মন দিয়ে শোনেন তিনি। একই সঙ্গে কৃষকদের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি। মাঠে নেমে এই প্রচারকে ‘গ্রাউন্ড কানেক্ট’ বলে অভিহিত করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।
তবে তৃণমূল ও রাজ্যের অন্যান্য বিরোধী দলগুলির দাবি, ভোটের আগে এ সব কিছুই মানুষের নজর কাড়ার কৌশল। সারা বছর এলাকায় দেখা না গেলেও ভোটের সময় প্রার্থীরা এমন নাটক করেন বলে অভিযোগ করেছে রাজ্যের বাকি রাজনৈতিক দলগুলি।