• সিলিন্ডার গ্যাসের, কাত করতেই জলে ভেসে গেল রান্নাঘর, এত বড় ধাপ্পাবাজি?
    এই সময় | ২৫ মার্চ ২০২৬
  • ইরানের (Iran) বিদ্যুৎ কেন্দ্রে হামলা বন্ধ রেখেছে আমেরিকা। তবে ইরান হামলা চালানো বন্ধ করেনি। খোলেনি হরমুজ় প্রণালীও (Strait of Hormuz)। তেল, গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ। এর প্রভাব পড়েছে ভারতের বাজারেও। রীতিমতো হাহাকার পড়ে গিয়েছে। মিলছে না সিলিন্ডার। এর মধ্যে অনেক কষ্টে একটি সিলিন্ডার (LPG cylinder) জোগাড় করেছিলেন হুগলির পোলবার নিরঞ্জন নাথ। কিন্তু অভিযোগ, রান্না করতে গিয়ে, তা থেকে বেরল জল। মঙ্গলবারের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

    বেশ কয়েক দিন ধরে ডিলারের কাছে হত্যে দিয়ে একটি সিলিন্ডার জোগার করেছিলেন নিরঞ্জন। তাঁর কথায়, ‘গত ১৭ এপ্রিল বুকিং করেছিলাম। সেই গ্যাস এলো সোমবার, মানে ২৩ এপ্রিল।’ কিন্তু রান্না শুরু করতেই বিপত্তি। বার বার ওভেন নিভে যাচ্ছে। এমন কেন হচ্ছে? খতিয়ে দেখতে গিয়ে চক্ষু চড়কগাছ। অভিযোগ, সিলিন্ডার কাত করতেই তা থেকে জল বেরতে শুরু করে। শুধু তাই নয়, সিলিন্ডার নাড়ালেও জলের শব্দ শোনা যাচ্ছে বলে অভিযোগ তাঁর।

    সঙ্গে সঙ্গে ডিলারের সঙ্গে যোগাযোগ করেন নিরঞ্জন। লিখিত অভিযোগও জানান। নিরঞ্জনের ভাগ্না সঞ্জয় মণ্ডল বলেন, ‘এমনিতে গ্যাসের আকাল চলছে। অনেক কষ্টে একটা গ্যাস পেয়েছিলাম আমরা। কিন্তু সিলিন্ডার থেকে যে জল বেরবে আমরা ভাবতে পারিনি।’ অবশ্য লিখিত অভিযোগ পাওয়ার পরেই নিরঞ্জনকে সিলিন্ডার বদলে দেওয়া হয়েছে।

    সিলিন্ডার থেকে জল বেরনোর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে হুগলিতে। এমনটা ঘটল কী ভাবে? বুঝতে পারছেন না ডিলার শপের মেকানিক সুমন্ত ঘোষ। তিনি বলছেন, ‘সিলিন্ডারটি চেকিংয়ের জন্য গোডাউনে পাঠানো হয়েছে। কেন তা থেকে কী ভাবে জল বেরল আমরা খতিয়ে দেখছি। ওই গ্রাহককেও নতুন সিলিন্ডার দিয়ে দেওয়া হয়েছে।’ তবে এই ঘটনায় আশঙ্কায় ভুগছেন হুগলির অনেকেই। তাঁদের সঙ্গেও এমন হবে না তো?

  • Link to this news (এই সময়)