বাচ্চা চুরির অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা মালদায় (Malda)। অভিযুক্তকে গণপিটুনি দেওয়ার পাশাপাশি তার গাড়িতে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে ইংলিশ বাজার (English Bazar) থানার সুস্তানি মোড় এলাকা থেকে ৮ বছরের এক শিশুকে তুলে নিয়ে পালানোর চেষ্টা করা হয়। বিষয়টি জানাজানি হতেই ইংলিশ বাজারের পুলিশ আধিকারিকরা দ্রুত সতর্কবার্তা পাঠান মধুঘাট নাকা চেকিং (Naka Checking) পয়েন্টে। এরই মধ্যে কালিয়াচক (Kaliachak) থানার সুজাপুর এলাকায় একটি সাদা রঙের গাড়ি আটক করা হয়। গাড়িটিকে ধাওয়া করে সুজাপুর (Sujapur) ট্র্যাফিক এলাকার কাছে আটক করতে সক্ষম হয় পুলিশ।
ওই গাড়িতে করেই বাচ্চাটিকে চুরি নিয়ে নিয়ে পালানো হচ্ছিল বলে অভিযোগ। ওই গাড়িতে দু'জন মিলে বাচ্চাটিকে নিয়ে পালাচ্ছিল বলেও জানা গিয়েছে। ওই গাড়ি থেকেই উদ্ধার করা হয় নাবালকটিকে। এক অভিযুক্তকে ধরে নিয়ে যাওয়া হয় ট্র্যাফিক অফিসে। তবে অন্য অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। এর পরেই গণপিটুনি দেওয়া হয় ওই অভিযুক্তকে। সেই সঙ্গে ব্যাপক ভাঙচুর করা হয় গাড়িটিতে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কালিয়াচক থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে থানায়। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন আধিকারিকরা। ওই দু'জনকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তাঁরা।