১ এপ্রিল থেকে অনলাইন লেনদেনে সুরক্ষা যাচাই করা হবে মোট দু-ধাপে
বর্তমান | ২৪ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্রমশ অনলাইন লেনদেনে অভ্যস্ত পড়ছে সাধারণ মানুষ। প্রায় প্রতিদিনই লাফিয়ে বাড়ছে কার্ডভিত্তিক, ইউপিআই বা ই-ওয়ালেট নির্ভর লেনদেন। সেসব ক্ষেত্রে সুরক্ষার প্রশ্নে ওয়ান টাইম পাসওয়ার্ড ব ওটিপি ব্যবহারই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ছিল এতদিন। এদিকে অনলাইন প্রতারণা সংক্রান্ত প্রতারণা যেভাবে বাড়ছে, তাতে সুরক্ষা কবচ আরো জোরালো করার দাবি ছিল দীর্ঘদিন। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া জানিয়েছে, গ্রাহকের লেনদেন সুরক্ষিতভাবে হচ্ছে কি না, তা যাচাইয়ের ক্ষেত্রে ওটিপির মতো একটিমাত্র পদ্ধতি ব্যবহার করলে হবে না। দুটি ধাপে সেই সুরক্ষা যাচাই করা হবে। আগামী ১ এপ্রিল মাস থেকে নয়া নিয়ম চালু হবে। ব্যাংক, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, পেমেন্ট সংক্রান্ত প্রদানকারী সংস্থার মতো যুক্ত সবাইকেই এই নিয়মের আওতাভুক্ত হতে হবে।
ওটিপি ছাড়া আর কোন পদ্ধতি ব্যবহার করা হতে পারে? এ-ব্যাপারে নির্দিষ্ট কোনো পদ্ধতির কথা বলেনি আরবিআই। বরং তারা তিনটি সুযোগ খোলা রেখেছে। প্রথমটি হল এমন একটি সুরক্ষা, যা গ্রাহকের নিয়ন্ত্রণে থাকে। যেমন, পাসওয়ার্ড বা পিন। দ্বিতীয় ক্ষেত্রে থাকতে পারে হার্ডওয়্যার টোকেন, সফটওয়্যার টোকেন বা কার্ড, যেগুলি গ্রাহক নিজে পেতে পারেন। তৃতীয় অপশন হিসেবে আধারের মাধ্যমে বায়োমেট্রিক যাচাইকরণকে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ এগুলি থেকেই যেকোনো একটি উপায়কে সুরক্ষাকবচ হিসেবে ব্যবহার করা যাবে। তবে আরবিআই স্পষ্ট করেছে, দু-ধাপে যাচাইকরণের মধ্যে একটি ধাপে এমন কোনো ব্যবস্থা রাখতে হবে, যা প্রতিটি লেনদেনে আলাদা বা ইউনিক হয়। যেমন ওটিপি ব্যবস্থা, যা প্রতিটি লেনদেনে আলাদা।
লেনদেনে ঝুঁকি এড়াতে লেনদেন পরিষেবা প্রদানকারী সংস্থাকে কিছু সুযোগও করে দিয়েছে রিজার্ভ ব্যাংক। তারা বলেছে, যদি প্রয়োজন হয় সংশ্লিষ্ট সংস্থাগুলি লেনদেনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবস্থান বা লোকেশন, তাদের লেনদেন সংক্রান্ত ইতিহাস, যে-যন্ত্রের মাধ্যমে লেনদেন হচ্ছে, তার সম্পর্কেও নজরদারি চালাতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যদি প্রতারণার উদ্দেশ্য থাকে তাহলে তা রোখা যেতে পারে এগুলি পরখ করার মাধ্যমে। এক্ষেত্রে দু-ধাপে সুরক্ষা যাচাইয়ের পরও বাড়তি কোনো সুরক্ষা যাচাইকরণ পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। সার্বিকভাবে সুরক্ষা যাচাইকরণের ক্ষেত্রে ডিজি লকারে রাখা তথ্য ব্যবহার করা যায় কি না, সেই সুযোগ কেউ কাজে লাগাতে পরামর্শ দিয়েছে আরবিআই।