আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বাংলার সব ভোটারদের বিবেচনাধীন দেখাচ্ছে। এমনকি ২৮ ফেব্রুয়ারি এসআইআর-এর চূড়ান্ত তালিকায় যাঁদের নাম ছিল তাঁদের নাম বিবেচনাধীন দেখাচ্ছে। এপিক নম্বর দিয়ে সার্চ করলেও বিবেচনাধীন দেখাচ্ছে কমিশন। কেন এই সমস্যা উত্তর নেই কমিশনের কাছে। এক্স হ্যান্ডলে অনেকে পোস্ট করে এই সমস্যার কথা জানিয়েছেন। এরপরেই কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করেছে তৃণমূল। তারা লিখেছে, অভিষেক ব্যানার্জির নাম ‘বিবেচনাধীন’, শুভেন্দু অধিকারীর নাম বাদ! এক্স-এ তারা লিখেছে, “ভ্যানিশ কমিশন এবং বিজেপি বাংলার পুরো ভোটার তালিকাকে সন্দেহভাজনে পরিণত করেছে।”
তৃণমূল লিখেছে, “আপনি নিজেও একবার চেক করে দেখুন। নির্বাচন কমিশনের পোর্টালে যান(https://electoralsearch.eci.gov.in/) । আপনার এপিক নম্বরটি দিন। আপনার SIR স্ট্যাটাস দেখে নিন। আপনাকে হয়তো শুনানির জন্য ডাকা হয়নি, চূড়ান্ত ভোটার তালিকায় হয়তো আপনার নামটা ছিল, আপনি হয়তো ম্যাপড ভোটার কিংবা আপনার কেস সাপ্লিমেন্টারি লিস্টে মিটে গেছে—তা সত্ত্বেও এখন আপনি নিজেকে UNDER ADJUDICATION হিসেবে দেখতে পাবেন। পুরো বাংলাকে কমিশনের পোর্টালে বিবেচনাধীন ঘোষণা করে দিয়েছে। বাংলার প্রতিটি ভোটার এখন “UNDER ADJUDICATION”। ভ্যানিশ কমিশন এবং বিজেপি বাংলার পুরো ভোটার তালিকাকে সন্দেহভাজনে পরিণত করেছে। ওরা বাংলার প্রতিটি ভোটারকে ‘প্রমাণিত না হওয়া পর্যন্ত দোষী’ দাগিয়ে দিতে চাইছে। ওরা যখন বলেছিল “বাঁচতে চাই, বিজেপি তাই”, তখন ওরা ঠিক এটাই বুঝিয়েছিল।”
Tweet by @AITCofficial
সোমবার রাত ৯টায় প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কথা ছিল কমিশনের। কিন্তু নির্ধারিত সময় তালিকা প্রকাশ করেনি কমিশন। তালিকা বেরতে বেরতে প্রায় মধ্যরাত। এরপর মঙ্গলবার রাতে ফের কমিশনের সাইটে সমস্যা। এই প্রসঙ্গে তৃণমূলের যুবনেতা সুদীপ রাহা বলেন, “আজ সকালে কমিশনের বিজ্ঞুপ্তিতে বিজেপির স্ট্যাম্প দেখে বোঝা গিয়েছিল কারা কমিশন চালাচ্ছে। রাতে এই পরিস্থিতি দেখে সেই বিষয়টিই আরও স্পষ্ট হল।”
যাঁদের নাম সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ যাবে তাঁরা অ্যাপালেট ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। নির্বাচন কমিশনের কথা অনুযায়ী, এখনও ট্রাইব্যুনাল গঠন হয়নি। ২৪ জন প্রাক্তন বিচারপতিকে জেলাভিত্তিক নিয়োগ করা হবে। তার মধ্যে ১৯ জনকে নিয়োগ করা হয়েছে। বাকি এখনও হয়নি। তারপর সমস্ত দিক খতিয়ে দেখে তারপর ট্রাইব্যুনাল গঠন হবে। কমিশন আরও জানিয়েছে, চলতি সপ্তাহ থেকে প্রতি শুক্রবার একটি করে তালিকা প্রকাশ করা হবে।