এই সময়: পরপর তিনটি চিঠি লেখার পরেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের কোনও সময় পাওয়া যাচ্ছে না বলে দাবি করল তৃণমূল কংগ্রেস৷ সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবনের তরফে তৃণমূলের সংসদীয় দলকে জানানো হয়েছে, সময়ের অভাবে রাষ্ট্রপতি এই মুহূর্তে দেখা করতে পারছেন না।
সম্প্রতি রাষ্ট্রপতির বাংলা সফর ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। গত ৭ মার্চ আন্তর্জাতিক আদিবাসী কনফারেন্সে যোগ দিতে শিলিগুড়ি এসেছিলেন রাষ্ট্রপতি। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে শিলিগুড়ির বিধাননগরের পরিবর্তে তাঁর অনুষ্ঠানস্থল সরিয়ে নিয়ে যাওয়া হয় বাগডোগরার কাছে গোঁসাইপুরে। এ নিয়ে উষ্মা প্রকাশের পাশাপাশি কেন প্রোটোকল মেনে মুখ্যমন্ত্রী নিজে বা তাঁর মন্ত্রিসভার কোনও সদস্য তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে জাননি, সে প্রশ্নও তোলেন রাষ্ট্রপতি। রাজনৈতিক ময়দানে শুরু হয় তরজা। বিজেপি–র তরফে তো বটেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সরব হন। পাল্টা ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিজেপি–র কথায় চলছেন রাষ্ট্রপতি। এমনকী তাঁর সরকারের তরফে প্রোটোকল ভাঙা হয়নি বলেও দাবি করেন তিনি।
এর পরেই তৃণমূল সংসদীয় প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চায়৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গত ১৫ বছরে রাজ্যের তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির উন্নয়নে কী কী পদক্ষেপ করেছে, তার বিবরণ তুলে ধরতেই সাক্ষাৎ চাওয়া হয়েছে বলে চিঠিতে রাষ্ট্রপতিকে জানিয়েছে তৃণমূল। দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন চিঠি লিখে রাষ্ট্রপতির সময় প্রার্থনা করেন গত ৯ মার্চ৷ রাষ্ট্রপতি ভবন থেকে ১১ মার্চ পাল্টা চিঠিতে রাষ্ট্রপতির সময়ের অভাবের কথা জানানো হয়৷ ১৬ মার্চ দ্বিতীয় এবং ২৩ মার্চ তৃতীয় চিঠি লিখে একই অনুরোধ জানানো হয় তৃণমূলের তরফে। তবে এখনও পর্যন্ত রাষ্ট্রপতির সময় পাওয়া যায়নি বলেই তৃণমূল সূত্রের খবর৷