• নির্বাচনের আগে হাতছাড়া বাম-কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত, প্রধান-সহ ১০ সদস্যর যোগদান তৃণমূলে
    এই সময় | ২৫ মার্চ ২০২৬
  • ভোটের মুখে বড় ধাক্কা বাম-কংগ্রেস শিবিরে। বিধানসভা নির্বাচনের মুখে হাত ছাড়া হলো বামফ্রন্ট এবং কংগ্রেসের দখলে থাকা নদিয়ার (Nadia) চাপড়া এলাকার একটি গ্রাম পঞ্চায়েত। তৃণমূলে যোগদান করলেন গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ১০ জন পঞ্চায়েত সদস্য।

    এই দল বদলের ফলে ওই গ্রাম পঞ্চায়েতের দখল নিচ্ছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। সেই সঙ্গেই বড়সড় ভাঙন ধরল বিরোধী শিবিরে।

    গত পঞ্চায়েত নির্বাচনের পরে নদিয়ায় চাপড়া (Chapra) ব্লকের বৃত্তিহুদা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করেছিল কংগ্রেস (Congress) এবং বামফ্রন্টের জোট। আর চাপড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জেবের শেখের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ ১০ জন পঞ্চায়েত সদস্য-সদস্যা। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জেবের শেখ।

    মঙ্গলবার, বৃত্তিহুদা গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপালি খাতুন-সহ ১০ জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন। ফলে বিধানসভা নির্বাচনের (assembly elections) আগে ওই গ্রাম পঞ্চায়েত দখল করে দিল তৃণমূল কংগ্রেস।

    বিরোধী দল থেকে তৃণমূলে যোগদানের ফলে ভোটের আগে চাপড়া বিধানসভার রাজনৈতিক সমীকরণে বড়সড় বদল আসার সম্ভাবনা রয়েছে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একই সঙ্গে অনেকটাই শক্তি বৃদ্ধি হলো তৃণমূল কংগ্রেসের বলেও মনে করছেন তাঁরা।

    বৃত্তিহুদা গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২৯টি। আগে তৃণমূল পেয়েছিল ১২টি আসন।কংগ্রেস ও সিপিএম (CPIM) ১৬টি আসন ছাড়াও আইএসএফ (ISF) ১টি আসনে জিতে ছিল। ফলে সেখানে বামফ্রন্ট (Left Front) এবং কংগ্রেস মিলে বোর্ড গঠন করে। গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছিল কংগ্রেসের রূপালি খাতুন। আর উপপ্রধান ছিলেন বামেদের।

    জেবের শেখ জানান, এর ফলে তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পঞ্চায়েত দখল করল। সেই সঙ্গেই বিধানসভা নির্বাচনের আগেই শক্তি বৃদ্ধি হল তৃণমূল কংগ্রেসের। এ বার ওই অঞ্চল থেকে বিরোধীরা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে বলেও দাবি তাঁর।

    যদিও এই ভাবে পঞ্চায়েত দখল করায় তৃণমূলের সমালোচনা করেন সিপিএম নেতা সুমিত বিশ্বাস। তাঁর দাবি, এটাই হলো তৃণমূল কংগ্রেসের কালচার। ভোটে জয়লাভ না করতে পারলেও পরবর্তীকালে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে বিরোধীদের দলে টানা হয়। এখানেও তার ব্যতিক্রম হয়নি।

  • Link to this news (এই সময়)