দেহরক্ষীর দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে ভোটের কাজে ব্যবহার করছেন বিজেপি প্রার্থী বলে অভিযোগ। নিরাপত্তারক্ষীর দায়িত্বে থাকা ওই জওয়ানকে দিয়ে দলীয় প্রতীক যুক্ত কাটআউট নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এই অভিযোগ উঠেছে বাঁকুড়ার বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল সেই ছবি। এই নিয়েই বড় বিতর্কে বাঁকুড়ার বিজেপি প্রার্থী। এই নিয়ে নীলাদ্রি শেখর দানার তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। তবে এই বিতর্ককে কোনও আমল দিতে চাইছেন না বিজেপির প্রার্থী।
ভোটের কাজে পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ করেছে বিজেপি (BJP)। আর সেই সময়েই নিজের নিরাপত্তারক্ষীর দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর (Central Force) এক জওয়ানকে দলের কাজে ব্যবহার করার অভিযোগ উঠল বাঁকুড়ার (Bankura) বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। সেই ছবি এবং ভিডিয়ো প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূল (Trinamool)।
তৃণমূল কংগ্রেসের পোস্ট করা সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে (এর সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন) প্রচারে গিয়েছেন বাঁকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী। গাড়ি থেকে নেমে নিরপত্তারক্ষীকে কিছু নির্দেশ দিচ্ছেন তিনি ৷ সেই নির্দেশ মেনেই তাঁর সঙ্গে থাকা এক নিরাপত্তারক্ষী গাড়ি থেকে বিজেপির প্রতীক বের করে এনে ধরিয়ে দিচ্ছেন বিজেপির নেতাকর্মীদের হাতে। তার পরেই প্রচারে নামছেন নীলাদ্রি শেখর দানা।
এই বিষয়কে সামনে রেখে বিজেপি প্রার্থীর কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এই ঘটনাকে চরম লজ্জার বলে উল্লেখ করেছে তারা। তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায় বলেন, ‘কেন্দ্রীয় বাহিনীকে দলীয় কাজে বিজেপির ওই প্রার্থী যে ভাবে ব্যবহার করেছেন, তা নিয়ে নিন্দার ভাষা নেই। ’ তাঁর প্রার্থীপদ খারিজের দাবিতে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হয়েছে তৃণমূল বলেও জানিয়েছেন তিনি।
যদিও বিজেপির প্রার্থীর দাবি, তিনি কোনও অন্যায় করেননি। তিনি বলেন, ‘পদ্মফুল দিয়ে দেবী দূর্গার আরাধনা হয়। তাই সবার হাতেই পদ্মফুল থাকবে।’ যাঁরা হাতে এখনও পদ্মফুল তুলে নেননি, তাঁদের ‘দেশবিরোধী ও ঈশ্বরবিরোধী’ বলেও উল্লেখ করেছেন তিনি।