• যুদ্ধের জেরে পাল্টাচ্ছে ডেস্টিনেশন, গ্রীষ্মের ছুটিতে কোন দেশে বেড়াতে যাওয়া নিরাপদ?
    এই সময় | ২৫ মার্চ ২০২৬
  • ইরান বনাম আমেরিকা-ইজ়রায়েল যুদ্ধ পরিস্থিতি বদলে গিয়েছে আন্তর্জাতিক ভ্রমণ মানচিত্র। পশ্চিম এশিয়ায় বিমান চলাচলে সীমাবদ্ধতা থাকায় ভারতীয় পর্যটকদের ছুটি কাটানোর ডেস্টিনেশন বদলাচ্ছে। এ বছর গ্রীষ্মে যাঁদের ইউরোপ ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল, তাঁদের প্ল্যান ভেস্তেছে। শুধু ইউরোপ নয়, মধ্য এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশে ভ্রমণের প্ল্যান বাতিল করছেন অনেকে। এমন পরিস্থিতিতে ঘুরতে গিয়ে বিপদে পড়তে চায় না কেউই। তেল-গ্যাসের মতো যুদ্ধের প্রভাব পড়েছে ভারতের পর্যটন শিল্পেও।  

    ভারতীয় পর্যটকদের দেশের মধ্যেই ভ্রমণের চাহিদা বেড়েছে। তার পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বেড়াতে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। রিপোর্ট বলছে, নেপাল থেকে শ্রীলঙ্কা, থাইল্যান্ড থেকে কম্বোডিয়া, জাপান থেকে দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো মানুষ বেছে নিচ্ছেন। এমনই বেশ কিছু আন্তর্জাতিক ডেস্টিনেশনের খোঁজ রইল এই পরিস্থিতিতেও যেখানে বেড়াতে যাওয়া নিরাপদ। সেখানে ঘুরতে যাওয়ার খরচও সাধ্যের মধ্যেই।

    বিদেশ ভ্রমণের জন্য নেপালকে বেছে নিতে পারেন। গ্রীষ্মের ছুটিতে নেপালের বিভিন্ন প্রান্তে বেড়াতে যেতে পারেন। যাঁরা অ্যাডভেঞ্চার স্পোর্টস পছন্দ করেন, তাঁরা ট্রেকের জন্য এই দেশকে বেছে নিতে পারেন। হিমালয়ের কোলে অবস্থিত এই ছোট্ট দেশে ভ্রমণের অভিজ্ঞতা একদম অনন্য হতে পারে। তা ছাড়া ৩০-৫০ হাজার টাকার মধ্যেই নেপাল ভ্রমণ সম্ভব।

    পাহাড়ের কোলে হারিয়ে যেতে ভুটানকে বেছে নিতে পারেন। মার্চ থেকে মে হলো ভুটান ঘুরতে যাওয়ার আদর্শ সময়ে। এই মরশুমে পাহাড়ের আনাচে কানাচে বিভিন্ন ধরনের ফুল দেখা যায়। পাহাড় সেজে ওঠে বসন্তে। ঘুরে দেখতে পারেন এই দেশের বিভিন্ন বৌদ্ধ মঠও।

    সমুদ্র ভালোবাসলে ঢুঁ মারতে পারেন শ্রীলঙ্কায়। সমুদ্র সৈকত ও চা বাগানে মোড়া এই দেশ। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এ দেশের সাংস্কৃতিক ঐতিহ্যও পর্যটকদের কাছে আকর্ষণীয়। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ঘুরে নিতে পারেন এই দেশের পূর্বাঞ্চল।

    কম খরচে বিদেশ ভ্রমণ করতে চাইলে থাইল্যান্ডকে লিস্টে রাখতেই হবে। এখানকার নাইট লাইফ বেশ আকর্ষণীয়। তা ছাড়া এক সপ্তাহতেও ঘুরে দেখা যায় এই দেশ। তবে থাইল্যান্ড শীতকালে বেড়াতে যাওয়াই ভালো।

    থাইল্যান্ডের পাশাপাশি ঘুরে দেখতে পারেন ভিয়েতনাম। হ্যানয় শহর সোলো ট্রাভেলারদের মধ্যে বেশ জনপ্রিয়। এখানকার ইনস্টাগ্রামেবল স্পটগুলো থেকে চোখ ফেরানো কঠিন। তা ছাড়া ৬০-৭০ হাজার টাকার মধ্যেই ঘুরে নেওয়া যায় ভিয়েতনাম। এশিয়ার যে সব দেশে ভারতীয় পর্যটকদের আনাগোনা সবচেয়ে বেশি বেড়েছে, তার মধ্যে প্রথমে রয়েছে ভিয়েতনাম।

    ২০২৬-এও হানিমুনের জন্য অনেকেই এই দেশকে বেছে নেন। বালির প্রাকৃতিক সৌন্দর্য ও স্থাপত্যের টানে প্রতি বছর ভারত থেকে প্রচুর পর্যটক যান সেখানে। কম খরচে বিদেশে ছুটি কাটানোর জন্য বালিকে বেছে নিতে পারেন।

    জাপান ভ্রমণের খরচ তুলনামূলক বেশি। তবে যুদ্ধের আবহে এই দেশে ঘুরতে যাওয়া সহজ। টোকিও গেলে মাউন্ট ফুজির সামনে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ কেউ ছাড়ে না। জাপান বেড়াতে গেলে এই দেশের সংস্কৃতি সম্পর্কেও অনেক কিছু জানতে পারবেন, যা আপনার ট্রিপকে আরও স্মরণীয় করে তুলবে।

    কে-পপের ফ্যান হলে ঢুঁ মারতে পারেন দক্ষিণ কোরিয়াতেও। গ্রীষ্মের ছুটিতে ঘুরতে যাওয়ার অন্যতম সেরা ঠিকানা দক্ষিণ কোরিয়া। এই সময়ে আবহাওয়া মনোরম থাকে। গ্যাস্ট্রোনমি ট্যুরিজ়মের স্বাদ নিতেও বেছে নিতে পারেন দক্ষিণ কোরিয়াকে।

  • Link to this news (এই সময়)