বসন্তের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের দুর্যোগের ঘনঘটা। শুক্রবার থেকেই বদলে যাবে আবহাওয়ার মেজাজ (Kolkata Weather Update)। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, চলতি সপ্তাহের শেষে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর (Kalbaisakhi Alert) সম্ভাবনা প্রবল। সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও। শুধু দক্ষিণবঙ্গ নয়, ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল উত্তরবঙ্গেও। যদিও আজ বুধবার এবং বৃহস্পতিবার দুই বঙ্গেই তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সপ্তাহান্তে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে, সঙ্গে ছাতা রাখাই বুদ্ধিমানের কাজ।
বুধবার সকাল থেকেই শহরের আকাশ মেঘলা (Ajker Abohawa)। রোদের দেখা মিললেও হালকা দাপট রয়েছে কুয়াশার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস কম। অর্থাৎ, সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের নীচে থাকলেও, ধীরে ধীরে বাড়ছে দিন ও রাতের তাপমাত্রা। তবে শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা প্রবল। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মেঘলা আকাশ এবং ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। সঙ্গে থাকতে পারে কালবৈশাখীর দাপট।
চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে জারি থাকবে কুয়াশার দাপট। তবে তাপমাত্রা বাড়ছে ধীরে ধীরে। একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় উপকূলীয় জেলাগুলিতে আর্দ্রতার প্রভাব থাকবে অত্যন্ত বেশি। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির আশঙ্কা প্রবল। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলার কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সঙ্গে সম্ভাবনা রয়েছে শিলাবৃষ্টির।
উত্তরবঙ্গের উপরের ছয় জেলায় আজ বুধবার দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে। ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। তবে বিকেলের পর থেকে উত্তরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। আগামীকাল বৃষ্টির সম্ভাবনাও তুলনামূলক কম। যদিও পরশু থেকে আবার বৃষ্টি বাড়ার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া অফিস।