• শনিবারের মধ্যে ২৪ আকবর রোডের পার্টি অফিস খালি করতে হবে, কংগ্রেসকে নোটিস
    এই সময় | ২৫ মার্চ ২০২৬
  • ২৪ আকবর রোডের (24 Akbar Road) ধবধবে সাদা বাংলো। প্রায় পাঁচ দশকের বহু ঐতিহ্যের সাক্ষী এই ঠিকানা। কংগ্রেসের (Congress Office) সর্বভারতীয় সদর দপ্তর। শনিবারের মধ্যে সেই অফিস খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সকালে এই নোটিস পাঠানো হয়। খালি করতে বলা হয়েছে ৫ নম্বর রাইসিনা রোডে অবস্থিত ভারতীয় যুব কংগ্রেসের অফিসও। দিল্লি প্রশাসনের এই নোটিস ঘিরে সরগরম রাজধানী।

    দীর্ঘদিন ধরে কংগ্রেসের সাংগঠনিক কার্যকলাপ হয় ২৪ আকবর রোডের অফিস থেকে। ইতিহাসের বুকে এই ঠিকানার গুরুত্ব অপরিসীম। ব্রিটিশ আমলের এই বাংলোয় ১৯৭৭ সাল থেকে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর এক নতুন লড়াই শুরু হয়।

    ১৯৪৭ সাল থেকে কংগ্রেসের অফিস ছিল ৭ যন্তরমন্তর রোডে। পরে দলের ওঠাপড়া, ভাঙন সামলে নতুন ঠিকানা হয় ২৪ আকবর রোডে। সেই সময়ে রাজ্যসভার সাংসদ ছিলেন জি ভেঙ্কটস্বামী। ইন্দিরা গান্ধীর একনিষ্ঠ ভক্ত ভেঙ্কটস্বামীর হাত ধরেই আকবর রোডের নতুন ঠিকানা পায় কংগ্রেস। প্রায় ৪৮ বছর ধরে ‘হাত’ এই ঠিকানা আগলে রেখেছে।

    গত বছর ৯এ কোটলা মার্গে ‘ইন্দিরা ভবন’ নামে নতুন অফিসের উদ্বোধন হলেও ২৪ আকবর রোডের অফিস ছিল কংগ্রেসেরই। এই অফিস দেখেছে রাজীব গান্ধীর জমানা। দেখেছে পিভি নরসীমা রাও, মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসেবে।

    সূত্রের খবর, ২৮ মার্চের মধ্যে সেই অফিস খালি করার নির্দেশ দিয়েছে বিজেপির প্রশাসন। এখন ইন্দিরা ভবনের নতুন সদর দপ্তরে কংগ্রেস পুরোদমে কাজ করলেও আকবর রোডের অফিস রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ বলে তা রেখে দিতে চাইছে তারা।

    কংগ্রেস নেতা ও সাংসদ অভিষেক মনুসিংঘভি অভিযোগ করেছেন, যে পদ্ধতিতে উচ্ছেদের নোটিস পাঠানো হয়েছে, তা বেআইনি ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি জানিয়েছেন, দলের তরফ থেকে আইনি পদক্ষেপ করা হবে। কংগ্রেসের একটি সূত্রে দাবি করা হয়েছে, আকবর রোডের বাংলোর জন্য বাজার নির্ধারিত দামে ভাড়াও মেটানো হয়।

  • Link to this news (এই সময়)