• ভোটের প্রচারে শিশুদের ব্যবহারের অভিযোগ, বিতর্কে পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী
    এই সময় | ২৫ মার্চ ২০২৬
  • নির্বাচনী প্রচারে শিশুদের ব্যবহার করার অভিযোগ ঘিরে তোলপাড় পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে  (West Bengal Election 2026)। কাঠগড়ায় বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘এই সময় অনলাইন’)। সেখানে দেখা যাচ্ছে, একদল ছোট ছেলেমেয়ের সঙ্গে দাঁড়িয়ে রাজনৈতিক স্লোগান দিচ্ছেন পাণ্ডবেশ্বর বিজেপি প্রার্থী। তাঁর সঙ্গে ওই ছেলেমেয়েরাও ‘জয় শ্রী রাম’ বলার পাশাপাশি ‘পদ্মফুলে ভোট দিন’ এবং ‘নরেন্দ্র মোদীকে ভোট দিন’ বলে চিৎকার করছে। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।

    ঘটনায় জিতেন্দ্র অবশ্য নিজের পক্ষে যুক্তি দিয়েছেন। তিনি বলেন, ‘ভোট প্রচারের সময়ে কিছু বাচ্ছা ছেলেমেয়ে সামনে চলে এসেছিল। আমি কী ভাবে তাদের সরিয়ে দেব? ছোট ছেলেমেয়ে রাজনীতির কিছু বোঝে না। ওরা নিজের মত করে স্লোগান দিয়েছে। ওদের তাড়িয়ে দেব নাকি?’

    বিজেপি প্রার্থী সাফাই দিলেও বিতর্ক থামছে না রাজনৈতিক মহলে। অনেকেই মনে করছেন, রাজনৈতিক স্বার্থে শিশুদের এ ভাবে ব্যবহারের অর্থ ভোটের আদর্শ আচরণবিধি না মানা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও রাজনৈতিক দল বা প্রার্থী ভোটের প্রচারে শিশুদের ব্যবহার করতে পারেন না

    ঘটনার তীব্র বিরোধিতা করে সরব হয়েছে রাজ্যের শাসক দল। তৃণমূলের জেলা সম্পাদক পঙ্কজ রায় সরকার ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে। পঙ্কজ রায় সরকার বলেন, ‘আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন বিজেপি প্রার্থী। বাচ্চাদের সঙ্গে নিয়ে তিনি রাজনৈতিক স্লোগান দিয়েছেন। এটা করা যায় না।’

  • Link to this news (এই সময়)