• প্রবল ধস ও তুষারপাতে বন্ধ রাস্তা, সিকিমে আটকে কমপক্ষে ২০০ পর্যটক, বন্ধ নাথুলা ও ছাঙ্গু লেক
    এই সময় | ২৫ মার্চ ২০২৬
  • উত্তর সিকিমে প্রবল বৃষ্টির জেরে একের পর এক পাহাড়ি রাস্তায় ধস (Landslides Sikkim)। বিপাকে বহু পর্যটক। মঙ্গলবার রাত থেকে চুংথাং এলাকায় ধস নেমে বন্ধ হয়ে যায় রাস্তা। যার জেরে লাচেনগামী কমবেশি ২০০ পর্যটক মাঝ রাস্তায় আটকে পড়েছেন। মঙ্গনের জেলাশাসক অনন্ত জৈন জানিয়েছেন, চুংথাং-লাচেন রুটে (Chungthang-Lachen Route) ধস নামার ফলে যান চলাচল পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মঙ্গলবার রাতে আটকে পড়া পর্যটকদের থাকার ব্যবস্থা করা হয় চুংথাং-এর ITBP ক্যাম্প এবং স্থানীয় গুরুদ্বারে।

    বর্ডার রোডস অর্গানাইজেশন বা BRO যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কারের কাজ চালাচ্ছে। আধিকারিকরা জানিয়েছেন, আবহাওয়া স্বাভাবিক হলে এবং রাস্তা নিরাপদ হলে তবেই পর্যটকদের যাওয়ার অনুমতি দেওয়া হবে। তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে অনেক পর্যটক ইতিমধ্যেই তাঁদের গ্যাংটক ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এবং ভ্রমণ পরিকল্পনা বাতিল করেছেন।

    অন্যদিকে, মঙ্গলবার রাতে লাচুং যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গিয়েছিল। তবে বুধবার সকালে সেই রাস্তা পরিষ্কার করে পর্যটকদের নিরাপদে গ্যাংটকে ফেরত পাঠানো হয়েছে। উত্তর সিকিমের লাচেন রুট ২০২৩ সালের হড়পা বানের পরে দীর্ঘ সময় বন্ধ ছিল। ৯ মার্চ এটি পর্যটকদের জন্য ফের খোলা হয়। কিন্তু কয়েক দিনের মধ্যেই বৃষ্টির জেরে ফের নতুন করে বিপত্তি।

    এদিকে সিকিমের অন্যান্য জনপ্রিয় পর্যটন কেন্দ্র— ছাঙ্গু লেক (Tsomgo Lake) এবং নাথুলাও (Nathula) বর্তমানে বন্ধ রাখা হয়েছে। গত কয়েক দিন ধরে ওই এলাকায় ভারী তুষারপাতের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সব মিলিয়ে সিকিমের পাহাড়ি এলাকায় এখন দুর্যোগপূর্ণ পরিস্থিতি।

    সিকিম প্রশাসনের তরফে পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন সিকিমের পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা প্রবল। পর্যটকদের নিরাপত্তার খাতিরে তাই এই মুহূর্তে পাহাড়ের উপরের দিকে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে যাঁরা উত্তর সিকিম ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে বলা হয়েছে।

  • Link to this news (এই সময়)