• অসুস্থ সনিয়া গান্ধী ভর্তি দিল্লির হাসপাতালে, কেরালা সফর বাতিল রাহুলের
    এই সময় | ২৫ মার্চ ২০২৬
  • ফের অসুস্থ সনিয়া গান্ধী। মঙ্গলবার রাত ১০টা ২২ মিনিটে দিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজ্যসভার সাংসদ ও কংগ্রেস নেত্রীকে।

    স্যর গঙ্গা রাম হাসপাতালের চেয়ারম্যান অজয় স্বরূপ জানিয়েছেন, সনিয়া গান্ধী স্থিতিশীল রয়েছেন। তাঁর স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসকেরা। সনিয়া গান্ধীর পেট (Stomach) ও মূত্রনালিতে (Urinary Tract) সংক্রমণ হয়েছে কিনা, তা খোঁজা হচ্ছে। অজয় স্বরূপ জানিয়েছেন, সনিয়া গান্ধীর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছেন চিকিৎসকেরা। প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। সংবাদ সংস্থা সূত্রের খবর, আগেভাগে সাবধান হওয়ার জন্যই সনিয়া গান্ধীকে ভর্তি নিয়ে তাঁর স্বাস্থ্যে নজর রাখা হচ্ছে।

    সনিয়া গান্ধী দীর্ঘদিন ধরেই অসুস্থ। এর আগে চিকিৎসার প্রয়োজনে একাধিকবার বিদেশেও যেতে হয়েছে সনিয়া গান্ধীকে। চলতি বছর জানুয়ারি মাসে দিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেই সময়ে হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, সনিয়া গান্ধীর ব্রঙ্কিয়াল অ্যাজ়মা হয়েছিল। ঠান্ডা আবহাওয়া ও দিল্লির দূষণের কারণে সে বার অসুস্থতা বেড়ে গিয়েছিল সনিয়া গান্ধীর। তার আগে গত বছর জুনেও এক বার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে।

    এ দিকে মায়ের অসু্স্থতার কারণে প্রচারের কাজ বাতিল করেছেন কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর কেরালায় প্রচারের জন্য যাওয়ার কথা ছিল। মায়ের অসুস্থতার জন্য তিনি কেরালা সফর বাতিল করেছেন।

  • Link to this news (এই সময়)