বুধবার থেকে জেলায় জেলায় ভোটের প্রচার শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিন পশ্চিম মেদিনীপুরের দাসপুর ও কেশিয়াড়িতে দু’টি জনসভা করেন অভিষেক। দু’টি সভা থেকেই তৃণমূলের BLA বা বুথ লেভেল কর্মীদের সতর্ক করেন তিনি। অভিষেকের দাবি, তৃণমূলের BLA-দের ফোন করা হচ্ছে বিজেপি-র পক্ষ থেকে। অভিযেকের অভিযোগ, তাঁদের মোটা টাকা অফার করা হচ্ছে বুথে বসার জন্য। তাঁর বার্তা, ‘পদ্ম ফুলের থেকে টাকা নিন, জোড়াফুলে ভোট দিন।’
এ দিন দু’টি সভা থেকে অভিষেক বলেন, ‘বিভিন্ন জায়গায় এঁরা বুথ স্তরের তৃণমূল কর্মীদের ফোন করছে। ফোনে বলা হচ্ছে, চলে এস বিজেপিতে, অনেক টাকা দেব। এঁদের বুথে বসার লোক নেই। তৃণমূলের লোকরা টাকায় বিক্রি হয় না। তবে আমার অনুরোধ, টাকা দিতে চাইলে নিয়ে নেবেন। এটা আমাদের টাকা, অনেকদিন ধরে আটকে রেখে দিয়েছে। দরকার হলে দরদাম করবেন।’
পশ্চিম মেদিনীপুরের দাসপুরের জগন্নাথপুর ময়দানে এবং কেশিয়াড়ির ঘোলাই হাইস্কুল ময়দানে সভা করেন অভিষেক। এই তিন কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আশিস হুদাইত, রামজীবন মান্ডি ও মানিক মাইতির সমর্থনে সভার আয়োজন করা হয়। দু’টি আসনেই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে কত মানুষকে পরিষেবা দেওয়া হয়, সেই পরিসংখ্যান তুলে ধরেন। ২০২১ সালের নির্বাচনে কেশিয়াড়ি ও দাঁতন এই দুই কেন্দ্রের মধ্যে দাঁতন আসনে খুব কম ব্যবধানে জিতেছিলেন তৃণমূল প্রার্থীর। সেই ব্যবধান আরও বাড়ানোর বার্তা দেন অভিষেক।
তৃণমূলের রিপোর্ট কার্ড দেওয়ার পাশাপাশি আগামী দিনে এই আসন থেকে জিতে আসলে রাজ্য সরকার কী কী করবে, তাও জানান অভিষেক। দাঁতনে মোহনপুর ব্লকে পাঁচটি গ্রাম পঞ্চায়েত নিয়ে একটি আলাদা পুলিশ স্টেশন, মোহনপুর ও দাঁতন ব্লকে পান চাষিদের সুবিধার্থে পান সংরক্ষণ কেন্দ্র, কেশিয়াড়িতে নতুন অলচিকি মিডিয়ামে স্কুল নির্মাণ-সহ অন্যান্য দাবি পূরণ করার আশ্বাস দেন অভিষেক।