সোমবার গভীর রাতে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা (Supplementary Voter List 2026) প্রকাশ করেছে কমিশন। কিন্তু কতজনের নাম প্রকাশিত হয়েছে? কতজনের নাম বাদ গিয়েছে। বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস সূত্র খবর, ‘বিবেচনাধীন’ থাকা ৬০ লক্ষের মধ্যে মোট ২৯ লক্ষ ভোটারের নথি যাচাই ও নিষ্পত্তির কাজ শেষ হয়েছে। তবে এই ২৯ লক্ষ ভোটারের ডেটা ওয়েবসাইটে এখনও আপলোড হয়নি। কমবেশি ১০ লক্ষ ভোটারের ডেটা আপলোড করা হয়েছে।
কমিশন সূত্রে খবর, প্রায় ২৯ লক্ষ ভোটারের নথি বিচারকরা নিষ্পত্তি করলেও, যাঁদের নথিতে ই-সাইন রয়েছে, তাঁদের ডেটা আপলোড করা হয়েছে। বাকি ভোটারের ডেটা আপলোড করার কাজ চলছে। ধীরে ধীরে নিষ্পত্তি হওয়া ২৯ লক্ষ ভোটারের ডেটাই আপলোড করে দেওয়া হবে।
সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পরে আরও একটি বিষয় নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। তা হলো, এই ৬০ লক্ষ ‘বিবেচনাধীন’ ভোটারের মধ্যে কত নাম বাদ যাচ্ছে। সেই ক্ষেত্রে ২৯ লক্ষের কাছাকাছি ভোটারের নিষ্পত্তি হলেও যে দশ লক্ষ ভোটারের ডেটা ওয়েবসাইটে আপলোড হয়েছে তার মধ্যে ৩৬ থেকে ৩৭ শতাংশ ভোটারের নাম বাদ পড়েছে বলে CEO অফিস সূত্রে খবর।
অন্য দিকে, SIR মামলার শেষ শুনানির দিন সুপ্রিম কোর্টে জানানো হয়েছিল, যাতে প্রতিদিনই ধাপে ধাপে এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে বুধবার কলকাতা হাইকোর্টে আবেদন জানাল কমিশন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্ট নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা বর্তমানে ‘বিবেচনাধীন’ ভোটারের নথি যাচাই করছেন।