আজকাল ওয়েবডেস্ক: শহরে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। মঙ্গলবারই নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে। এদিকে, বুধবার শুরু হয়েছে নির্বাচনী প্রস্তুতি বৈঠক। বৈঠকে উপস্থিত রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এছাড়াও রয়েছেন, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়, শিশির বাজেরিয়া। উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় ও রাজ্য বিজেপি নেতৃত্ব ও সমস্ত জোনের সাংগঠনিক নেতৃত্ব।
এদিকে, বুধবার যুব মহিলা এসসিএসটি ও ওবিসি নেতৃত্বের সঙ্গে বৈঠকও করবেন নীতিন নবীন। ওই বৈঠকে এনজিও ক্লাব ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরাও থাকবেন। এছাড়া রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বদের সঙ্গে বৈঠকও রয়েছে। নবদ্বীপ জোনের নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েই এই বৈঠক।
এদিকে, প্রাক্তন টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা তৈরি হয়েছে। মঙ্গলবার নিউটাউনের একটি হোটেলে নীতিন নবীনের সঙ্গে দেখা করেন লিয়েন্ডার। বিজেপি সূত্রে খবর, লিয়েন্ডার পেজ পদ্মফুলে যোগ দিতে পারেন। যদিও এই বিষয়ে মুখ খোলেনি রাজ্য বিজেপি ও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।
জানা যায়, নিউটাউনের যে হোটেলে নীতিন রয়েছেন, সেই হোটেলে গিয়েছিলেন লিয়েন্ডার। ওই হোটেলের লবিতে দাঁড়িয়েই বেশ কয়েক জন বিজেপি নেতার সঙ্গে লিয়েন্ডারকে কথা বলতে দেখা গিয়েছিল।
এটা ঘটনা, ২০২১ সালের অক্টোবরে লিয়েন্ডার গোয়ায় তৃণমূলে যোগ দেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁকে স্বাগত জানিয়ে ‘ছোট ভাই’ বলে সম্বোধন করেছিলেন। তবে ২০২২ সালের গোয়া বিধানসভা নির্বাচনের আগে জানুয়ারিতে ঘোষিত তৃণমূলের ৬৯ সদস্যের গোয়া রাজ্য কমিটিতে পেজকে রাখা হয়নি।
আর তাই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাত্র এক মাস আগে নীতিন নবীনের সঙ্গে লিয়েন্ডারের বৈঠক দলটির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনাকে আরও উস্কে দিয়েছে। বিজেপি এখনও সব আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি। বিজেপির নির্বাচনী কৌশল জোরদার করার লক্ষ্যে দু’দিনের সফরে কলকাতায় রয়েছেন নবীন। প্রচার পরিকল্পনা সাজানো, ডিজিটাল প্রচার বাড়ানো এবং বুথস্তরের সংগঠনকে শক্তিশালী করার জন্য বিজেপি সভাপতি মঙ্গলবার রাজ্য নেতৃত্বের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকও করেছেন। বুধবারও রয়েছে একাধিক বৈঠক।